স্টাফ রিপোর্টার
‘শিক্ষা, ঐক্য ও কল্যাণ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’-এর এক যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী এক বর্ণাঢ্য আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুই পর্বে বিভক্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
যুগপূর্তিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, নিষ্ঠাবান কর্মীদের সংবর্ধনা, উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয় বিকেল তিনটায়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার। অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সিলেটে জেলা ও দায়রা জজ আদালতের আইনজীব এডভোকেট ইয়াসীন খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেদায়াতুল্লাহ হাদি, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, সুনামগঞ্জ জেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি তারেক আহমেদ রাজু, জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনর রশীদ মামুন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী তালুকদার, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সাবেক সভাপতি নবীর হোসেন ও চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রুজেল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন বলেন, তারুণ্যের সদিচ্ছা ও মেধাকে যদি মানবকল্যাণে কাজে লাগানো যায়, তবে একটি সমাজকে বদলে দেওয়া সম্ভব, যার জীবন্ত প্রমাণ ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’। বিগত এক যুগ ধরে এই সংগঠনের শিক্ষার্থীরা যেভাবে শিক্ষা ও আর্তমানবতার সেবায় আলোর মশাল জ্বেলে যাচ্ছে, তা সত্যিই অতুলনীয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক যুগে পদার্পণ উপলক্ষে সন্ধ্যায় বিশেষ দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই পর্বে আলোচনা ও
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাহেবজাদা ফুলতলী আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ইকড়ছই আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হয়রত মাওলানা ছমির উদ্দিন ও হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ।