1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:

বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ব্যবসা, শিল্পকারখানা বা অন্য কোনো উদ্যোগ গড়ে তুলতে বিদেশফেরতদের ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। যে কোনো ধরনের বৈধ ব্যবসার জন্য উদ্যোক্তাদের এই সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। প্রকল্পের ধরন ও প্রয়োজন অনুযায়ী মেয়াদি, চলতি বা তলবি ঋণ দেওয়া হয়। চলতি বছরের ১ মার্চ থেকে গত ১৭ নভেম্বর পর্যন্ত এই পুনর্বাসন ঋণ পেয়েছেন ১ হাজার ৩৬৬ জন। তাদের মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে একজন কর্মী সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এর মধ্যে ৩ লাখ টাকা পর্যন্ত কোনো জামানতের প্রয়োজন নেই। ঋণ শোধ করতে হয় নির্ধারিত কিস্তিতে। প্রবাসফেরত কর্মীদের অর্থনৈতিক কাজে যুক্ত করে স্বাবলম্বী করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।

বার্ষিক ৯ শতাংশ সরল সুদে ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। ব্যাংকের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে ঋণ দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান বলেন, ‘নিয়মিত ঋণ পরিশোধে গ্রাহকদের উৎসাহ দিতে নতুন সুবিধা চালু হয়েছে। যারা নিয়মিত কিস্তি দেবেন, তাদের সুদে এক শতাংশ ভর্তুকি মিলবে। ফলে তাদের কার্যকর সুদ দাঁড়াবে ৮ শতাংশ।’

ঋণ পেতে প্রসেসিং ফি ও ডকুমেন্টেশন ফি দিতে হয়। এটি ঋণের শূন্য দশমিক ৫০ শতাংশ, তবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট দিতে হবে। সার্ভিস চার্জের নামে আলাদা করে অর্থ আদায়ের সুযোগ নেই।

জামানতের নিয়ম ঋণের অঙ্ক অনুযায়ী আলাদা। ঋণ তিন লাখ টাকার বেশি হলে সহজামানত প্রয়োজন হয়। ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হয়।

যে এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বা প্রকল্প গড়ে তোলা হবে, সেখানকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে আবেদনকারীর তিন কপি ছবি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র। বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে লাগবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সনদ। বিদেশ থেকে ফেরার প্রমাণ হিসেবে এ সংক্রান্ত কাগজপত্রও দিতে হবে।

এ ছাড়া জমা দিতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, প্রকল্পের বিস্তারিত বিবরণ ও ঠিকানা। আগের দুই বছরের আয়-ব্যয়ের বিবরণী এবং প্রকল্পে উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র থাকতে হবে। প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার সনদ থাকলে সেটিও দেওয়া যাবে। প্রকল্পের জায়গা ভাড়া বা লিজ নিলে চুক্তিপত্র এবং লেটার অব ডিসক্লেইমার লাগবে। নিজস্ব জায়গায় প্রকল্প হলে জমির মালিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জামিনদারের দুই কপি ছবি, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। ঋণ পরিশোধে সক্ষম মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, নিকটাত্মীয় কিংবা অন্য কোনো সচ্ছল ব্যক্তি জামিনদার হতে পারবেন। জামিনদারকে সরকারি চাকরিজীবী হওয়ার বাধ্যবাধকতা নেই। তবে ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।

আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠানের নামে একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা জমা দিতে হবে। জামিনদারের নিজের নামে বা তার একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল হিসাব থাকতে হবে। সেই হিসাবের তিনটি স্বাক্ষরিত চেকের পাতা ও হিসাব বিবরণী লাগবে।

আবেদনকারীর নিজের নামে বা প্রকল্পের নামে অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও থেকে ঋণ নেওয়া থাকলে ঘোষণার মাধ্যমে তা জানাতে হবে। ঋণ পেতে প্রকল্পের সম্ভাব্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, জামিনদার ও ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

সূত্র এশিয়া পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com