সুমিত রায় :: জগন্নাথপুর উপজেলা টি টুয়েন্টি ক্রিকেট লীগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব। এই জয়ের মাধ্যমে দলটি মোট পাঁচবার শিরোপা জিতে টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক আধিপত্য বজায় রেখেছে।
১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল ইসহাকপুর ক্রিকেট ক্লাব। শনিবার জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইসহাকপুর ক্রিকেট ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে ইসাকপুর ক্রিকেট ক্লাব ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মুখতাদুল। এছাড়া তুফাজ্জল ১৮, হুমায়ুন ১২ ও স্বপন ১০ উল্লেখযোগ্য রান করেন।
বল হাতে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবের বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে ১০০ রানে আটকে রাখেন। দলের পক্ষে হাসান এবং আর কে নাসিম ৩টি করে উইকেট, এম আর আর শায়েক ২টি উইকেট শিকার করেন। এছাড়া ময়ুখ ও নাহিদ ১টি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ১০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাসুদেববাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মৃদুল চন্দ’র অসাধারণ হাফ সেঞ্চুরিতে ১৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং শিরোপা নিশ্চিত করে। দলের পক্ষে মৃদুল অপরাজিত ৫৯, হৃদয় ২১, তারেক ১০ উল্লেখযোগ্য রান করেন। ইসহাকপুর ক্রিকেট ক্লাব’এর পক্ষে দারুণ বোলিং করে তোফাজ্জল ৪টি উটকেট শিকার করেন। এছাড়া হুমায়ুন ও নোমান ১টি করে উইকেট লাভ করেন।
খেলা শেষে জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুল ইসলাম শাওন’এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, সমাজ সেবক মো. আলিফ মিয়া ও সমাজ সেবক মাওলানা জয়নাল আবেদীনসহ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।