স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাইয়ার হাওরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের মধ্যে এবার নগদ অর্থ সহায়তা দিয়েছে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা।
আজ সোমবার (১৯অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।
কানাডায় অবস্থানরত জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডার সভাপতি আনোয়ারুল ইসলাম জায়গীরদার, নির্বাহী সভাপতি আলিবর্দি খান সোহেল, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমদ লেচু, সাংগঠনিক সম্পাদক মিটন চন্দ্র দেব, সেনেকা কলেজের প্রফেসর সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন টরন্টো কানাডার সভাপতি মোঃ শামিম মিয়া, নির্বাহী সভাপতি কপিল উদ্দিন বাবলু, টরন্টো ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক সহ সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে ওই চার পরিবারে নগদ ২১ হাজার ৪০০ টাকা করে মোট ৮৫ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়।
অর্থ বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর বাজার ব্যবসায়ী নিখিল দেবের সভাপত্বিতে সমাজকর্মী আব্দুল মুকিতের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক যীশু চক্রবর্তী, সাবেক কাউন্সিলর আবাব মিয়া, সমাজকর্মী আশরাফুল হক, লিটন দেব, রিংকু দেবনাথ, অতুল দেবনাথ, সাগর দাস।
প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরের মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সতীন্দ্র দেবনাথ, মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ ও তার ছোট ভাই অধির দেবনাথ নিখোঁজ হন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ওই চার জন ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।