জগন্নাথপুর২৪ ডেস্ক::
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ চূড়ান্ত অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার অনুমোদিত খসড়া অনুযায়ী, বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে।
নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটটির কার্যক্রম ও সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।
র্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠিত হলে বিদ্যমান র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ নতুন ইউনিটের কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে খসড়ায়।
এছাড়া নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদিত খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নতুন কাঠামো অনুযায়ী র্যাবের পরিবর্তে এসআরবি কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সূত্র কালবেলা