জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আস্তমা গ্রামের রাস্তার মুখে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু তাহের নামে এক পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী মাছের পোনাবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২১-৯১২১) এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি খালি পিকআপের (ঢাকা মেট্রো-ন ১৯-৮০৫১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাছবাহী পিকআপের চালক আহত হয়ে গাড়িতে আটকা পরেন। এসময় রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে বিকল হয়ে পড়ে দুর্ঘটনা কবলিত পিকআপটি। এতে মহাসড়কের দুই পাশে অন্তত দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন ও গাড়িতে আটকে থাকা আহত চালক আবু তাহেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অপর পিকআপের চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান বলে জানা গেছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনে কাজ করে। এসময় স্থানীয় পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষও সহযোগিতা করেন।