জগন্নাথপুর২৪ ডেস্ক::
লেটের কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় এলাকায় সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার মৃত্যুর কারণ এবং কে বা কারা তাকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি শাহিন। শনিবার সকাল ১০টার দিকে সোনারখেওড় এলাকার একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাই জসিম উদ্দিন একটি গণমাধ্যমকে জানান, শাহিন দিনমজুরের কাজ করতেন। ভোরে সে বড়ি থেকে বের হয়েছিল। বিকেলে হঠাৎ খবর তার লাশ সীমান্তে। নিহতের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেতেন।
এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে শাহিনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সূত্র-ইত্তেফাক