জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।
রবিবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১ শিশু মারা যায়। সুনামগঞ্জের ছাতক উপজেলার মইনপুর গ্রামের সাহাব উদ্দিনের ৯ মাস বয়সী ছেলে আবু সাইদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারো শরীরে সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৫৪৪ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৫৫ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ২২ জন, সুনামগঞ্জে ২৮৭ জন এবং সিলেট জেলায় ১৮০ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৮৫ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৯৬ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সিলেটের বিভিন্ন সরকারি—বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।