জগন্নাথপুর২৪ ডেস্ক::
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৮। গ্রেপ্তার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে। তিনি ডাকাতির মামলায় সাত বছরের সাজা নিয়ে আত্মগোপনে ছিলেন।
ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
র্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে বাকেরগঞ্জ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করে। এরপর ঢাকার কেরানীগঞ্জের র্যাব-১০-এর সহযোগিতায় আজ সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফারুক মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার। সূত্র আগামীর সময়