জগন্নাথপুর২৪ ডেস্ক::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) ৪৮ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার বেলা দুইটায় সুনামগঞ্জ শহরে বিক্ষোভ হয়েছে। বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জমিয়ত। বিক্ষোভকারীরা অবিলম্বে মোস্তাক গাজীনগরীকে খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে আল্টিমেটাম দিয়ে বলেছেন,‘না হয় লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
মাওলানা মো. মুশতাক আহম্মদ গাজীনগরী শান্তিগঞ্জের বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর একনিষ্ট কর্মী মোস্তাক আহমদ গাজীনগরী নিখোঁজের সংবাদে তার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিখোঁজ মোস্তাকের পরিবার ও স্বজনরা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।
বুধবার বিকেলে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় এই বিষয়ে সাধারণ জিডি করেছেন। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সন্ধান চেয়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক সহযোগিতা কামনা করেছেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১ টায় সর্বশেষ তাকে দিরাই সড়ক মোড়ে দেখা গেছে।
সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জ এসেছিলেন। তাদের একজন জুনিয়র কর্মী সুমন আহমদ হুজুরকে য়াওয়ার সময় সিএনজিতে তুলে দিয়েছেন, দিরাই সড়কমোড়ে গেছেন হুজুর। ১১টা ২০ মিনিট পর্যন্ত উনাকে দিরাই সড়কমোড়ে একটি সিসি ক্যামেরায় দেখা গেছে। সিসি ক্যামেরা থেকে বের হওয়ার পরে উনাকে আর পাওয়া যায় নি।
মুস্তাক আহমদ গাজিনগরীর স্ত্রী রুবি বেগম বলেন, মঙ্গলবার আটটার দিকে বলছিলেন পাথারিয়া বাজার যাবেন। এরপরে আমি নামাজ পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেয়ে পড়তে বসছিল, তাকে বলছি বাবা আসলে যেন আমাকে ডাক দেয়। আমার মেয়ে অপেক্ষা করতে করতে দশটা একান্ন মিনিটে ফোন দিয়েছে তখন তিনি বলেছেন, আমি সুনামগঞ্জে এসেছিলাম। আসব বলে ফোন রেখে দিয়েছেন। এর দুই মিনিট পরে তিনি আবার ফোন দিয়ে বলেছেন, আমি এক ঘণ্টার মধ্যে আসছি, এটাই ছিল লাস্ট কথা। এরপর সারারাত ফোন দিছি তখন আর কল যায় নি, সারারাত আর আমার ঘুম আসে নি।’
মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর সাথে কারো কোন শত্রুতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন বিষয় যদি থাকে সেটা আমি জানি না। এছাড়া উনার সাথে ব্যক্তিগত কারো কোন দ্বন্দ্ব নেই। আমি বুধবার বিকেলে শান্তিগঞ্জ থানায় জিডি করছি।
এদিকে বুধবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি নিখোঁজ হওয়ায় প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেন জমিয়ত মহাসচিব। দলীয় ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তিনি মঙ্গলবার রাত ১১টা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। একজন আলেমে দ্বীন ও সংগঠকের এভাবে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার, এলাকাবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। এই অবস্থায় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকতাপূর্ণ জরুরি সহযোগিতা কামনা করছি।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী একই কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। এই ঘটনায় কোন চক্রান্ত বা অপহরণের আলামত থেকে থাকলে, তাও খুঁজে বের করার দাবী জানান।
বৃহস্পতিবার দুপুরে মোস্তাক আহমদ গাজীনগরীর ভাই আবুল ফয়েজ জানালেন, তারা খুবই উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তার কোন খোঁজ দিতে পারে নি।
সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী বললেন, দলীয় নেতা কর্মী, পরিবার সকলে উৎকণ্ঠার মধ্যে আছেন। দলের সবচাইতে সক্রিয় নেতা আলেমে দ্বীন এভাবে নিখোঁজ হওয়ায় সুনামগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে শান্তিগঞ্জে বিক্ষোভ আছে। তাঁর সন্ধান না পাওয়া গেলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান বললেন, পুলিশের অভিযান অব্যাহত আছে। এখনো (বৃহস্পতিবার বেলা আড়াইটা) মোস্তাক গাজীনগরীর কোন সন্ধান মিলে নি।