1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:

ছিনতাইকারীর কালো হাত এবং একজন বুলেট বৈরাগীর গল্প- অশেষ কান্তি দে

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১ Time View

সময় পাল্টাচ্ছে। পাল্টে গেছে ছিনতাইকারীদের ছিনতাই করার ধরনেও।
মানুষ নানান কারনে এখন আতংকগ্রস্ত। তার মাঝে আতংকের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে ছিনতাই।
জীবন এমনিতেই অনিশ্চিত। আর এই পোড়া দেশে তো তা চরম অনিশ্চয়তার। কে কখন নির্মম ঘাতক হয়ে উঠে সে বোঝা বড় ভার।
মৃত্যু কত না সহজ হয়ে আসে এই জমিনে। স্বাধীনভাবে চলতে গিয়ে জীবন হয়ে উঠে প্রতিনিয়ত সংশয়পূর্ণ। যাপিত জীবন যাপন হয়ে উঠে না আর।
শেষ হয়ে যায় চিরতরে।

মূল আলাপে আবার চলে আসা যাক। আলোচনার সূত্রপাত ছিনতাইকে ঘিরে।
ছিনতাইকারীরা নেহাত সাধারণ নয় বাড়াবাড়ি রকম পর্যায়ে চলে গেছে আজকাল। পরিচিত কিংবা ঘনিষ্ঠজনদের অনেকেই হয়েছেন ছিনতাইকারী দ্বারা আক্রান্ত। শুধু জানমালের
নিরাপত্তার প্রশ্ন নয় তারা হয়ে উঠেছে প্রাননাশের কারণ।

ছিনতাইকারী চক্র ছিনতাইয়ের ধরনে ও এনেছে অভিনবত্ব। একটি অটো বা সিএনজিতে আগে থেকেই উঠে বসে থাকে কিছু লোক। উদ্দেশ্য যাত্রী একজন পাওয়া গেলেই তাকে টার্গেট করা। তারপর জোর জবরদস্তি করে সবকিছু ছিনিয়ে নেওয়া। এভাবে সারা দেশেই তারা কায়েম করতে চাইছে ত্রাসের রাজত্ব।
কয়েকদিন আগে সিলেট শহর থেকে বালাগঞ্জ সরকারি কলেজের একজন শিক্ষক সিএনজিতে উঠেছিলেন তার বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন বলে। একটু সামনে যেতে না যেতে ছিনতাইকারীরা তার সবকিছু জোর করে হাতিয়ে নিয়ে নেয়। বাচ্চাকে ডাক্তার দেখাবেন কী তাদের একটু সুবিধাজনক রাস্তায় নামানোর কথা বললেও কাজ হয়নি কোনও। ছিনতাইকারীরা দিনে দিনে আরও নির্মমভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে। মানুষ অনেক কারনেই বিপন্ন বোধ করছে। তারমাঝে ছিনতাই বিভীষিকা!

বুলেট বৈরাগী এক সুদর্শন কাস্টমস কর্মকর্তা। তার চাইতে বড় কথা তিনি ছিলেন মা বাবার একমাত্র আদরের সন্তান। দরিদ্র পিতা। দারিদ্র্যের কষাঘাতে তার বড় হওয়া। সংসারের অভাব অনটনকে সঙ্গী করে সামনে অগ্রসর হওয়া তার। মা আজ বিলাপ করছেন ছেলে আমার কত কষ্ট করেছে। ছেঁড়া জুতা পা দিয়ে পড়াশোনা করেছে।ছেলে গান ও গাইতো বেশ। কী যে গুণী ছেলে আমার! সেই ছেলেকে পড়ানোর জন্য তার মা বাবাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিয়েছিলেন তারা। সোনার ছেলে বড় হবে একদিন। ছেলে তাদের আস্হার প্রতিদান দেওয়া শুরু করেছিল বটে। মেধার সাথে প্রচুর খাটুনি করে একের পর এক জীবনের সিড়ি অতিক্রম করেছিল স্বার্থকভাবেই। কাস্টমস কর্মকর্তা হওয়ার আগে বুলেট করেছেন আরও অন্যান্য সরকারি চাকরি। ছিলেন ব্যাংক কর্মকর্তাও। শেষমেশ ৪১তম বিসিএস থেকে হয়ে গেলেন কাস্টমস কর্মকর্তা।

কুমিল্লায় পোস্টিং। মা বাবার প্রিয় সন্তান তার প্রিয় মা বাবাকে বললেন তার সাথে তারাও যাবেন সেখানে। উদ্দেশ্য চমৎকার। সারাজীবন সংসারের গ্লানি টানা মা বাবাকে ও ভালো রাখা। একটি সুন্দর জীবন উপহার দেওয়া। সাথে প্রানপ্রিয় স্ত্রী পরবর্তীতে আসা তাদের আদুরে সন্তান।
হ্যাঁ সবকিছুই এগুচ্ছিল ঠিকঠাক।
দু:খ থেকে মিলেছিল সুখের দেখা।
আগেকার গল্প দূরে ঠেলে বুলেট বৈরাগীর পরিবার তখন সুখী আদর্শ একটি পরিবার। মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে হাসিখুশি সময়ে পার করা এক একটা দিন।
অতীতের সীমাহীন কষ্ট পেছনে ফেলে কেবল নতুন দিনের সূচনা তখন।

দু:খের পর সুখ অবশেষে ধরা দিয়েছিল সত্যি।
তবু নিমিষেই গুছিয়ে নেওয়া সংসারে যে কালবোশেখী ঝড় আসবে কে জানতো।
বুনিয়াদি ট্রেনিংয়ের জন্য বুলেট বৈরাগীকে যেতে হলো চট্রগ্রাম।
আদরের ছেলের প্রথম জন্মদিন পালন করবেন বলে ঝুঁকি নিয়ে বেশ রাত করে ফিরলেন কুমিল্লায়।
বাস থেকে যখন নামলেন সিএনজিতে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে নেয়। আর একজন হলে ছেড়ে দেবে এই কথায় তিনিও উঠে পড়লেন।
একটু সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা তাকে উপুর্যুপরি আঘাত করে তার কাছে থাকা সমস্তকিছু হস্তগত করে নেয়।
তারপর চলন্ত গাড়ি থেকে তারা তাকে ফেলে দেয় অবলীলায় । তাতে করে মাথায় প্রচন্ড আঘাত লাগে বুলেট বৈরাগীর। অবশেষে অসহনীয় মৃত্যু।
অনুসন্ধানে জানা গেছে এসব ছিনতাইকারীর নেপথ্যে আছে এক সংঘবদ্ধ চক্র।
আবিষ্কার হবে কী তার মূলে আছে আর কারা কারা?
হবে কী তাদের মূলোৎপাটন!
ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেয়ে জনমনে আসবে কী একটুখানি স্বস্তি।

পরিবারকে বুলেট জানিয়েছিলেন আসতে দেরি হবে তার। স্ত্রীকে বলেছিলেন ঘুমিয়ে পড়তে।
তখন তিনি কী আর ক্ষুনাক্ষরে ও জানতেন প্রিয়তমা স্ত্রীকে ঘুমানোর কথা বলে তিনি নিজেই ঘুমিয়ে পড়বেন অনাদিকাল।
বাসায় ফিরতে অনেক দেরি হচ্ছে বলে পরিবার থেকে বারবার ফোন দেওয়া হয় বুলেটকে। অত:পর ফোন রিসিভ হলে যে কন্ঠ শোনা যায় তাতে পরিবার বুঝে ফেলে সে কন্ঠ বুলেটের নয়।
অবশেষে তারা বেড়িয়ে পড়েন তার সন্ধানে। একটি বন্ধ হোটেলের সামনের ফুটপাতে পাওয়া যায় তার নিথর দেহ।
মুহুর্তেই যেন সবকিছু শেষ হয়ে যায় একটি পরিবারের।
যেখানে এখন শুধুই বিলাপ।
সন্তানের শ্মশানের সামনে বসে এক পিতার দীর্ঘশ্বাস পড়ে।
মা আর্তনাদ করেন আর ছেলের নির্মম মৃত্যুর জন্য নিজেকেই করেন কেবল দোষারোপ।
আর তার স্ত্রী যার সামনে পড়ে রয়েছে সারাটা জীবন!
যেখানে এখন আছে অকালে স্বামী হারানোর ছটফটানি হাহাকার আর অস্হির দীর্ঘস্বাস।
অবুঝ ছেলে যে কিনা বুঝতেই পারছে না সে তার বাবাকে হারিয়েছে। হয়েছে পিতৃহারা। সারাজীবনের জন্য পিতৃস্নেহ থেকে বঞ্চিত।

বুলেট রৈরাগী তার একটি স্ট্যাটাসে লিখেছেন-
আমার ছেলে সামান্য কাশি দিলেও আমার বুক কেঁপে উঠে!
আহারে পিতৃহৃদয়।

সন্তান হারানো পিতা স্বামী হারানো স্ত্রী কিংবা পিতা হারানো সন্তান এসব দেখতে শুনতে এখন অভ্যস্ত এই সমাজ।
বুলেট বৈরাগীর নির্মম মৃত্যু যেন সেই বিপন্ন সমাজের আরেক নির্মম প্রতিচ্ছবি।

লেখক-অশেষ কান্তি দে, প্রভাষক জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com