জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মাত্র পাচ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ১০ সৌদি রিয়াল ও ৭ আনা স্বর্ণালঙ্কার। প্রায় ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা এভাবে প্রকাশ্যে গণনা করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি বাক্সের (ডেগ) মুখ খুলে এসব পাওয়া যায়।
টাকা গণনায় অংশ নিয়েছেন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা। মাজারের ইতিহাসে এর আগে এভাবে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হয়নি।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহার) মো. সারওয়ার আলম। এতে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। এরই মধ্যে রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
গণনা শেষে সন্ধ্যায় ওয়াকফ অডিটর সজল মিয়া জানান গত ১৮ জুন বিকেল চারটা থেকে ২৩ জুন বেলা দুইটা পর্যন্ত ১৭ লাখ ৬৫ হাজার ৫৬৯ টাকা, ৫ রিয়ালের দুটো সৌদি নোট ও ৭ আনা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
গণনা প্রত্যক্ষ করে সদ্য সাবেক ডিসি সারওয়ার মাজার এলাকা ত্যাগ করেন। এর আগে মাজারে গেলে সাংবাদিকদের তিনি জানান, সার্বিক বিষয়ে তিনি একটি ভিডিও বার্তা দেবেন।
দানের টাকা গুণতে গিয়ে দানবাক্সে পাওয়া গেছে, প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রশংসা করে একটি বেনামি চিঠি।
চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, দানবক্সের টাকা গণনাকালে কয়েকটি চিঠি ও কিছু স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
ওই চিঠিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দরগাহর অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং এক ব্যক্তির বিরুদ্ধে দরগাহর জায়গায় দখল করে দোকানপাট ও বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়।
এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার সিলেট আসছেন। তার সফরসূচির মধ্যে মাজার ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক রয়েছে।