জগন্নাথপুর২৪ ডেস্ক::
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ব্যবসায়ের অভিযোগকে কেন্দ্র করে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদক কারবারে অভিযুক্ত মা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার আওলাতলী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পারভেজ আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পারভেজ ও তার মাকে আটক করেন। স্থানীয়দের দাবি, এ সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়। তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা সেখান থেকে সরে যান বলে স্থানীয়রা জানান।
এদিকে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে গেছে।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন, মাদক নির্মূলে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছিল। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। মাদকের কারণে কিশোর-তরুণরা বিপথে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিনটি গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। স্থানীয়দের দাবিকৃত মাদক উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র-ইত্তেফাক