স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারে মাদক বিক্রি, সেবন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) বিকেলে হলিয়ারপাড়া এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় মিরপুর বাজারে মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং আব্দুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী আব্দুর রউফ, সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন বাবলু, মীরপুর বাজার কমিটির সভাপতি বাদশা মিয়া ও স্থানীয় ব্যক্তিত্ব আব্দুল খালিক প্রমুখ। এসময় এলাকার হাজী রজব আলী, জলিল মিয়া, আশক আলী, নুরুল ইসলাম নুনু, আশিক আলী, আব্দুল তাহিদ, ছয়ফুল আলম, রুমন মিয়া, নজম উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মনাফ, আব্দুল সাহিদ, আরশ আলী, তেরাব আলী, মমশ্বির আলী, আব্দুল লতিফ, আব্দুল করিম, জসিম উদ্দিন, রাজন আহমেদ, দুলাল আহমেদ, শিপন মিয়া, রিপন মিয়া, রুবেল মিয়া, অপু মিয়া, রাসেল মিয়া, তামিম আহমেদ, জুবেল আহমেদ, জুনেদ আহমেদ, আব্দুল কাহার, আব্দুল্লাহ আল মামুন, তানভীর আহমেদ, মারজান আহমেদ ও মাহমুদ আহমেদসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হলিয়ারপাড়া একটি ঐতিহ্যবাহী গ্রাম হলেও সুনির্দিষ্ট একটি অপরাধী পরিবারের কাছে গোটা এলাকাবাসী দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে পড়েছে। ওই পরিবারের চিহ্নিত কয়েকজন ব্যক্তি এলাকায় দিনদুপুরে চুরি, চাঁদাবাজি, অবৈধ জায়গা দখল এবং ইয়াবা ও ফেনসিডিলসহ মারাত্মক মাদকের কারবারে লিপ্ত রয়েছে । এমনকি সাধারণ মানুষের গরু-ছাগল ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে । কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই আজ সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে ।
মীরপুরের শান্ত পরিবেশ বজায় রাখতে বক্তারা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকা থেকে সন্ত্রাস ও মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি মীরপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।