স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে নতুন রূপে আবাসিক প্রতিষ্ঠান ‘হোটেল সানলাইট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১দিকে নলজুর নদীর তীরে আর্চ সেতুর পাশে অবস্থিত প্রতিষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, বিএনপি নেতা শামসুল ইসলাম, তকবুর মিয়া, নিজামুল হক ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জিলু মিয়া, হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন, ম্যানেজার মনোজ চৌধুরী, কর্মকর্তা মোঃ মনির মিয়া ও রাকিব আলীসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবু হোরায়রা সাদ মাস্টার তাঁর বক্তব্যে বলেন, “জগন্নাথপুরের মতো একটি ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক ব্যস্ততম এলাকায় উন্নতমানের আবাসন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োচিত পদক্ষেপ। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে।
হোটেলের পরিচালক মিজানুর রহমান শিপন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি ব্যক্ত করে জানান, পৌরশহরের প্রাণকেন্দ্র নলজুর নদীর তীরের মনোরম ও শান্ত প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে অতিথিদের সর্বোচ্চ আভিজাত্যপূর্ণ ও নিরাপদ সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে ‘হোটেল সানলাইট’ খুব দ্রুতই সবার আস্থা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আজমল হোসেন জামি।