সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের প্রধান বাজারে একটি জুয়েলার্স দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । আজ সোমবার (১২ অক্টোবর) ভোরে জগন্নাথপুর বাজারের বণিক মার্কেটের ‘মা জুয়েলার্স’ নামক দোকানে এই চুরির ঘটনাটি ঘটে। ব্যস্ততম বাজারের প্রাণকেন্দ্রে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে ।
দোকানের সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তিন যুবকের একটি দল মার্কেটের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ‘মা জুয়েলার্স’-এর কলাপসিবল গেটের তালা ভেঙে একজন ভেতরে ঢুকে সোনা, রূপা ও মূল্যবান জুয়েলারি মালামাল দুটি বড় ব্যাগে ভরে দ্রুত চম্পট দেয় ।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে নিজস্ব পাহারাদার নিয়োজিত রয়েছে । ঘটনার রাতে ওই নৈশপ্রহরী ডিউটি শেষ করে ভোরের দিকে ঘুমাতে চলে যান । ঠিক সেই সুযোগটি কাজে লাগিয়েই চোর চক্র এই দুঃসাহসিক চুরি সংঘটিত করে।
‘মা জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী পার্থ বণিক জানান, সকালের দিকে দোকানে চুরির খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ। কলাপসিবল গেটের তালা কেটে চোরেরা ভেতরে ঢুকেছে। দোকান থেকে সোনা ও রূপার অলঙ্কারসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে । চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। তবে এই ঘটনায় থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।