মানুষের হক নষ্ট করার পরিণতি : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মান কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। (বুখারি, হাদিস : ২৪৪৯)
মানুষের হক নষ্ট করার সবচেয়ে ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে কিয়ামতের দিন। সেদিন দুনিয়ার টাকা-পয়সা, সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না; বরং মানুষের অধিকার নষ্ট করার বিনিময়ে নিজের নেক আমল অন্যকে দিয়ে দিতে হবে।
আল্লামা আলাউদ্দিন কাসানি (রহ.) তাওবার আলোচনা করতে গিয়ে বলেন, তাওবার পূর্ণতা হলো সম্পদ তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। যখন সম্পদ মালিকের কাছে পৌঁছে যায়, তখন চোরের বিরুদ্ধে তার আর কোনো দাবি অবশিষ্ট থাকে না। (বাদায়েউস সানায়ে : ৭/৯৬)
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) মানুষের অধিকার ও তাওবার পার্থক্য স্পষ্ট করে বলেন, মজলুমের অধিকার জালিমের ক্ষমা প্রার্থনার কারণে বিলুপ্ত হয় না; চাই সে হত্যাকারী হোক কিংবা অন্য কোনোভাবে মানুষের ওপর জুলুমকারী হোক। কেননা শুধু ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে মজলুমের অধিকার রহিত হয় না। (মাজমুউল ফাতাওয়া : ৩৪/১৩৮)
এ বক্তব্যগুলো থেকে বোঝা যায়, মানুষের অধিকার নষ্ট করার ক্ষেত্রে তাওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যার অধিকার নষ্ট করা হয়েছে, তার অধিকারও যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। (তাফসিরে কুরতুবি : ১৮/১৯৯, মুগনিল মুহতাজ : ৪/৪৩৯, আর-রিসালাহ : ১/১৫৫, মাদারিজুস সালিকিন : ১/৫৯২, আনফাসে ঈসা, পৃষ্ঠা-১৯৮, আল-ফাওয়াকিহুদ দাওয়ানি : ২/৩০২, ইসলাহি খুতুবাত : ২৩/৫৯, ফতোয়ায়ে লাজনায়ে দায়েমা : ২৪/৩৫৭)
অধিকার ফিরিয়ে দেওয়ার উপায় : মানুষের হক নষ্ট করার ধরন অনুযায়ী তা ফিরিয়ে দেওয়ার পদ্ধতিও ভিন্ন। কারো সম্পদ আত্মসাৎ করলে তা ফেরত দিতে হবে। ঋণ থাকলে পরিশোধ করতে হবে। কারো সম্মানহানি করলে যথাসম্ভব তার সম্মান পুনরুদ্ধার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
গিবত বা অপবাদের ক্ষেত্রে ক্ষতির ধরন বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া এবং যেখানে তার বদনাম করা হয়েছে, সেখানে তার ভালো দিক তুলে ধরা উচিত। তবে অধিকারীকে খুঁজে না পাওয়া গেলে, তিনি মারা গেলে কিংবা সরাসরি ক্ষমা চাইলে নতুন কোনো বড় ক্ষতির আশঙ্কা থাকলে পরিস্থিতি অনুযায়ী বিজ্ঞ আলেমের পরামর্শ নিতে হবে। সৌজন্যে কালের কণ্ঠ।