1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:

বাংলাদেশি টিকটকারসহ গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসীকে 

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়াই অভিবাসীদের আসার আহ্বান জানিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করা এক বাংলাদেশিকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।

২৭ বছর বয়সি ওই বাংলাদেশির নাম মো. হাসান। মৌলভীবাজার জেলার এ বাসিন্দা পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন।

তার আশ্রয়ের আবেদন তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে ফেরত পাঠানো হয়েছে। হাসানসহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

গ্রিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত জুনে টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে হাসান বাংলাদেশিদের গ্রিসের নাফপ্লিও শহরে আসার আহ্বান জানান। সেখানে তিনি দাবি করেন, শহরটিতে কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশের ঝামেলায় পড়তে হবে না।

হাসানের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমরা গ্রিসের নাফপ্লিওতে কাজের জন্য আছি। যাদের কাগজপত্র নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। ৫০ বছর এই জায়গায় থাকলেও পুলিশ আসবে না।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিসের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গ্রিক কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ তাকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হাসানের আগে গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল। তবে তার কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে। একইসঙ্গে তার আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। পরপর আশ্রয়ের আবেদন করে গ্রিসে অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়।

মন্ত্রী থানোস প্লেভরিস তার পোস্টে বলেন, “অবৈধ অভিবাসীদের গ্রিসে আসতে উৎসাহিত করা ওই বাংলাদেশির বসবাসের বৈধতা বাতিল করা হয়েছে। ধারাবাহিক আশ্রয়ের আবেদন করে তাকে গ্রিসে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে।”

অবৈধভাবে অবস্থানকারীদের বহিষ্কারে বিলম্ব হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, হাসানের এই কর্মকাণ্ড নিয়ে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আলোচনা-সমালোচনা হয়েছে। প্রবাসীদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে প্রবেশ করা কিছু বাংলাদেশি টিকটকার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে অভিবাসন নিয়ে বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচার করছেন।

তাদের মতে, এ ধরনের প্রচারের কারণে গ্রিসের স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com