1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

অপচয় রোধে মুমিনের করণীয়

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ০ Time View
বর্তমান সময়ে বিয়েশাদি, সামাজিক অনুষ্ঠান, খাবারদাবার ও দৈনন্দিন জীবনে অপচয়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। অথচ ইসলাম সম্পদের পরিমিত ব্যবহার ও মিতব্যয়িতার শিক্ষা দিয়েছে এবং অপচয়কে নৈতিক ও ধর্মীয় বিচ্যুতি হিসেবে চিহ্নিত করেছে।

অপচয় সম্পর্কে ইসলামের নির্দেশনা : আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, তবে অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১) 

এ আয়াতে মানুষের মৌলিক প্রয়োজন পূরণের অনুমতি দেওয়ার পাশাপাশি অপচয় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যয়ের একটি সুন্দর বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, ‘তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।

’ (সুরা : ফুরকান, আয়াত : ৬৭) 

এ আয়াত থেকে বোঝা যায়, ইসলামের অর্থনৈতিক শিক্ষা হলো ভারসাম্যপূর্ণ জীবনযাপন। প্রয়োজনের ক্ষেত্রে ব্যয় করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় ও কৃপণতা কোনোটিই কাম্য নয়। অপচয়ের ব্যাপারে কোরআনে আরো কঠোর নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।

আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ (সুরা : ইসরা, আয়াত : ২৭) 

অপচয়ের সংস্কৃতি যেসব ক্ষেত্রে বিস্তৃত

আমাদের সমাজে অপচয়ের অন্যতম বড় ক্ষেত্র বিয়ে ও সামাজিক অনুষ্ঠান। অনেক সময় সামাজিক মর্যাদা রক্ষা কিংবা অন্যের সঙ্গে প্রতিযোগিতার জন্য সামর্থ্যের বাইরে গিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার তৈরি করা হয়, যার বড় অংশ নষ্ট হয়। হোটেল-রেস্তোরাঁ, মাদরাসা, স্কুল ও বাসাবাড়িতেও প্রতিদিন বিপুল পরিমাণ খাবার নষ্ট হতে দেখা যায়।

কোথাও প্রয়োজনের অতিরিক্ত রান্না, কোথাও খাবারের অবহেলাজনিত অপচয়। অথচ সমাজের অনেক মানুষ এখনো খাদ্যসংকটে ভোগে। 

পোশাক-পরিচ্ছদ ও ঘর সাজানোর ক্ষেত্রেও অপচয়ের প্রবণতা লক্ষণীয়। প্রয়োজন না থাকলেও নতুন পোশাক কেনা, অল্প ব্যবহারে পুরনো জিনিস পরিত্যাগ করা কিংবা অন্যের সঙ্গে পাল্লা দিয়ে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হওয়া ভোগবাদী মানসিকতা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসিতা প্রদর্শনের প্রবণতাও এ সংস্কৃতিকে উৎসাহিত করছে।

শুধু অর্থ ও খাবার নয়, পানি, বিদ্যুৎ এবং সময়ের অপচয়ও পরিহার করা জরুরি। মাদরাসা, মসজিদ, স্কুল ও বাসাবাড়িতে অপ্রয়োজনে বাতি, পাখা ও পানির কল চালু রাখাও অপচয়ের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) অজুর ক্ষেত্রেও পানি অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘প্রবহমান নদীর তীরে থাকলেও অপচয় করা যাবে না।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)

এ থেকে বোঝা যায়, কোনো সম্পদ সহজলভ্য হলেও তা অযথা নষ্ট করা উচিত নয়।

অপচয় থেকে বাঁচার কার্যকর উপায়

প্রথমত, অপচয় থেকে বেরিয়ে আসতে প্রথমেই প্রয়োজন মানসিকতার পরিবর্তন। সম্পদকে অহংকার ও প্রতিযোগিতার উপকরণ না ভেবে আল্লাহর দেওয়া আমানত হিসেবে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দার পা নড়বে না, যতক্ষণ না তাকে তার জীবন কিভাবে অতিবাহিত করেছে, জ্ঞান অনুযায়ী কী আমল করেছে, সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে—এসব বিষয়ে জিজ্ঞাসা করা হবে। (তিরমিজি, হাদিস : ২৪১৭)

দ্বিতীয়ত, আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করতে হবে। প্রয়োজনীয় ব্যয়, সঞ্চয় ও দান-সদকার জন্য আলাদা হিসাব রাখা যেতে পারে। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, এটি কি সত্যিই প্রয়োজন, নাকি কেবল প্রবৃত্তি ও লোক-দেখানোর তাগিদ?

তৃতীয়ত, পরিবারে মিতব্যয়িতার চর্চা গড়ে তুলতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই খাবার, পানি, বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের যথাযথ ব্যবহারে অভ্যস্ত করতে হবে। সামাজিক অনুষ্ঠানগুলোতে সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী আয়োজন করতে হবে। খাবার নষ্ট না করে অবশিষ্ট খাবার নিরাপদভাবে সংরক্ষণ কিংবা উপযুক্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

চতুর্থত, অপচয় কমিয়ে মানুষের কল্যাণে ব্যয় বাড়াতে হবে। দরিদ্র, অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগিতা করা এবং জনকল্যাণমূলক কাজে সম্পদ ব্যয় করা মুমিনের উত্তম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান দেন। আর তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা : সাবা, আয়াত : ৩৯)

অপচয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা শুধু ব্যক্তিগত অর্থ সাশ্রয়ের বিষয় নয়; এটি ঈমানি দায়িত্ব।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com