জুয়েল আহমদ::
আবারো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এর আগে তিনি আরো ৮ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-বিপিএম জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র নাম ঘোষণা করেন।
পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত পুলিশের এ কর্মকর্তা। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবম বারের মত শ্রেষ্ঠ হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।
উল্লেখ্য, এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত থাকাকালীন এক এক করে ৬ষ্ঠ বার মত সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনিত হন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানায় যোগদানের কিছুদিন পর ২০২০ সালে আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন পুলিশের এ কর্মকর্তা। সেই সাথে ২০২১ সালের ৭ জুলাই সপ্তম এবং ৭ অক্টোবর অষ্টম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। পরে গত ১২ জানুয়ারি তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার দুই মাসের মধ্যে তিনি আবারো জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হন।##