1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আলোচিত ‘দুই ভাই’ হত্যা মামলার দুই আসামি নবীগঞ্জ থেকে গ্রেপ্তার ইউরোপের কথা বলে লিবিয়ায় জিম্মি দুই যুবক, ৪০ লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে জলবায়ু সম্মেলন, তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স

ইউরোপের কথা বলে লিবিয়ায় জিম্মি দুই যুবক, ৪০ লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শরীয়তপুরের দুই যুবককে ইউরোপে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এরপর থেকে তাদের নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ দাবি করা হচ্ছে। সন্তানদের জীবন বাঁচাতে দুই পরিবার এরই মধ্যে জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা দিলেও তাদের মুক্তি মেলেনি। চক্রটি নতুন করে টাকা দাবি করায় সন্তানদের জীবিত ফিরে পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন স্বজনরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার আইনে করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জিম্মি থাকা ব্যক্তিরা হলেন কামাল খলিফা ও আতিক মাঝি। কামাল খলিফা নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আতিক মাঝি একই উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তারা দুজন বন্ধু বলে জানা গেছে। অন্যদিকে আকাশ সরদার নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ সরদারের প্রলোভনে পড়ে প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাদের লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে তুলে দেওয়া হয়। এরপর থেকেই তাদের আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণের জন্য পরিবারের ওপর চাপ দেওয়া হচ্ছে।

পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। আর মাথায় হাত দিয়ে তারা নিজেদের রক্ষার চেষ্টা করছেন।

কামাল খলিফা কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার বছর আগে তার বাবা বাচ্চু খলিফা মারা যান। সংসারের নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখতেন কামাল।

ছেলের নির্যাতনের ভিডিও এবং আটকে থাকার খবর পেয়ে ভেঙে পড়েছেন তার মা কামরুন নাহার। তিনি বলেন, ‘ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল, সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাচ্ছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।’

অন্যদিকে আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধা মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও এক বছরের শিশুসন্তান মুসা। তার বড় ভাই বাকপ্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

আতিকের মা আমেনা খাতুন বলেন, ‘আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’

আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, ‘আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।’

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মানব পাচার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া জামান বলেন, ‘এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার আইনে করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’ সূত্র-খবরের কাগজ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com