1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল আশানুরূপ হয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম শুরু করেছে। যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হবে। একই দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যাতে ভর্তির আবেদনের সুযোগ পায়, সে জন্য আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন তিনি।

এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে এ ধরনের শিক্ষার্থীদের ‘রেফার্ড’ বলা হতো। তাদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। তবে এ শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজগুলোকে ভর্তি কার্যক্রম স্থগিত রেখে অপেক্ষা করতে হবে না।

তিনি বলেন, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫৭টি বিশ্ববিদ্যালয় এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব মিলিয়ে উচ্চশিক্ষায় প্রায় ১৫ লাখ আসন ফাঁকা রয়েছে। অথচ এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। সব মিলিয়ে উচ্চশিক্ষায় ভর্তির জন্য শিক্ষার্থী হবে প্রায় ছয় লাখ। ফলে পর্যাপ্ত আসন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটসহ নামকরা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে পারে। সেশনজট কমানোই তার লক্ষ্য।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে সময় কয়েকটি ক্ষেত্রে পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম পেয়েছিলেন। কিছু ক্ষেত্রে খাতা পরিবর্তন এবং নম্বর নির্ধারণে অসংগতি ছিল। কয়েকজনকে হাতেনাতে ধরলেও ১৯৮০ সালের প্রচলিত আইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা না থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। ২০২৬ সালের এ আইনের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। এটি উল্লেখযোগ্য পরিবর্তন। এইচএসসির পুনর্নিরীক্ষণেও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যাদের ফল পরিবর্তন হবে, তারা যাতে এ বছরই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, তা নিশ্চিত করতে চান বলেও জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় কেটেছে এ বিশ্ববিদ্যালয়ে। চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রত্যাশা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ হওয়া উচিত। কোনোভাবেই নির্ধারিত সময়ের বেশি লাগা উচিত নয়। বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com