1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ Time View
ইসলামে দৃষ্টিতে ব্যর্থতার দায় ও ভুল স্বীকার একটি ঈমানি বৈশিষ্ট্য। মুমিন বান্দার কর্তব্য হলো ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষারোপ বা অন্যকে দায়ী না করা এবং ভুল খোঁজা, ভুল স্বীকার করা ও ভুল থেকে শিক্ষা নিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে সততা, সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া।

 

পবিত্র কোরআনের শিক্ষা ও নবীদের সুন্নাহ হলো অহংকার নয়; বরং বিনয় ও নিজের কর্মের জবাবদিহি নিশ্চিত করা। ভুল স্বীকার করা মহান আল্লাহর ভালোবাসা লাভের উপায়। কোরআনের ভাষায়—‘যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল; আল্লাহ তাদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম ও হাওয়া (আ.) অজুহাত খোঁজেননি; বরং বলেছিলেন, ‘হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি।

আপনি যদি আমাদের মাফ না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।’ (সুরা আরাফ, আয়াত : ২৩) 

ভুল স্বীকার না করলে সংশোধিত হওয়া যায় না। দায় স্বীকারে অন্তরে বিনয় সৃষ্টি হয়; এটাই ‘তাজকিয়াতুন নাফস’ (আত্মসংশোধন)-এর প্রধান শর্ত। দায় স্বীকার না করা শয়তানের বৈশিষ্ট্য।

ইবলিস ভুল করার পর দায় স্বীকার করেনি, উল্টো যুক্তি দেখিয়েছে।
ইউনুস (আ.) মাছের পেটে থাকাবস্থায়ই নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র! নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)ভুল স্বীকার করা দুর্বলতা নয়; বরং মানুষের সৃষ্টিগত স্বভাব ও বৈশিষ্ট্য। পৃথিবীর প্রথম মানব-মানবী ভুলের দায় স্বীকার করেছিলেন। প্রিয় নবী (সা.) বলেন, ‘প্রতিটি মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। ’ (তিরমিজি)

 

ইসলাম জীবনের সবকিছুকে ‘আমানত’ হিসেবে দেখে এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার ও জবাবদিহির শিক্ষা দেয়। প্রিয় নবী (সা.) বলেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি)

উমর (রা.) বলতেন, ‘ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার জন্যও উমরকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।’ মানুষের কর্মফল তার নিজেরই অর্জন। ‘ভাগ্যের লিখন’ বলে দায় এড়ানো ইসলাম সমর্থন করে না। প্রিয় নবী (সা.) বলেন, ‘তুমি উপকারী বিষয়ের প্রতি যত্নশীল হও, আল্লাহর কাছে সাহায্য চাও এবং অপারগতা প্রকাশ কোরো না। যদি কোনো ক্ষতি হয়, তবে বোলো না ‘যদি এমন করতাম, তবে এমন হতো’।…কারণ ‘যদি’ (শব্দটি) শয়তানি কর্মের পথ উন্মুক্ত করে দেয়। (মুসলিম)

ভুলের জন্য অকপট স্বীকারোক্তি কিছুটা অস্বস্তিকর হলেও তা সুদূরপ্রসারী ফলদায়ী। বুখারি শরিফে রয়েছে, আবু বকর (রা.) ও উমর (রা.)-এর মধ্যে একবার তর্কবিতর্ক হলো, আবু বকর (রা.) উমর (রা.)-কে রাগিয়েছিলেন। রাগান্বিত হয়ে উমর (রা.) চলে গেলেন। আবু বকর (রা.) তার কাছে ক্ষমা চাইতে ছুটলেন। ক্ষমা করলেন না উমর (রা.), বরং তাঁর সামনেই ঘরের দরজা বন্ধ করলেন। আবু বকর (রা.) প্রিয় নবী (সা.)-এর কাছে এলেন। …ঘটনা শুনে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের এই সঙ্গী (আবু বকর) আগে কল্যাণ লাভ করেছে।’

মুসনাদ আহমাদের দীর্ঘ বর্ণনায় আছে—‘একবার রাসুল (সা.) আবু বকর (রা.) ও রাবিআহ আল-আসলামি (রা.)-কে এক খণ্ড জমি দিলেন। কিছুদিন পর তাঁদের মধ্যে বিরোধ তৈরি হলো। এক পর্যায়ে আবু বকর (রা.) রাবিআহ (রা.)-কে এমন কথা বলেন, যা খুবই পীড়াদায়ক। তবে কথাটি বলার সঙ্গে সঙ্গে আবু বকর (রা.) প্রচণ্ড অনুতপ্তবোধ করলেন। তিনি রাবিআহ (রা.)-কে অনুরোধ করেন, ‘তুমিও আমাকে একই রকম কিছু বলে প্রতিশোধ নাও।’ কিন্তু রাবিআহ (রা.) প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানালেন। আবু বকর (রা.) বলেন, তুমি অবশ্যই (আমাকে মন্দ কথা) বলবে নতুবা তোমার বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে নালিশ করব। তবু তিনি অস্বীকৃতি জানালেন।…অবশেষে দুজনই রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলেন। সব শুনে রাসুল (সা.) রাবিআহ (রা.)-কে বলেন, ‘না, তুমি তার কথার জবাবে কটু কথা বলবে না, বরং তুমি বলো, হে আবু বকর! আল্লাহ আপনাকে মাফ করে দিন।’ রাসুল (সা.)-এর এমন শিক্ষণীয় পরামর্শ শুনে আবু বকর (রা.) কাঁদতে কাঁদতে ঘরে ফিরলেন। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com