স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সুজাদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ইনাতনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ওই যুবক ইনাতনগরের জহির উদ্দিনের ছেলে।
জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দা আলী আকবরের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন সুজাদ মিয়া।
সকাল ১১টার দিকে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সুজাদ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী ইমামুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বলেন, গাছের ডাল কাটতে গিয়ে হঠাৎ করে সুজাদ মিয়া গাছের ওপর থেকে নিচে লুটিয়ে পড়ে । আমরা তাকে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের এখানে আসার আগে ওই যুবক মারা গেছেন।