জগন্নাথপুরে পরীক্ষাকেন্দ্রে জ্ঞান হারালেন দুই শিক্ষার্থী
Update Time :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
২০২
Time View
স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থী কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে।চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হন। তাদের একজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাঈমা আক্তার উপজেলার বেতাউকা গ্রামের কাজল মিয়ার মেয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাঈমা আক্তার ও শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা রানী সরকার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়ার এক পর্যায়ে অজ্ঞান হন যান। তাদের মধ্যে নাঈমা আক্তারকে আবদুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কেন্দ্রসচিব নিয়াজ আহমেদ বলেন, ‘শিক্ষার্থী নাঈমা আক্তার আগে থেকেই অসুস্থ ছিল।
পরীক্ষার শেষ পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। পরে অভিভাবকরা এসে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে গেছেন।’
অন্যদিকে কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সূচনা সরকার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সূচনা সরকার জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা সুধা সরকারের মেয়ে।শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির জানান, পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে শিক্ষার্থী সূচনা অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মনিরা জানান, দুই শিক্ষার্থী প্রচণ্ড গরম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। একজন শিক্ষার্থী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।