জগন্নাথপুর২৪ ডেস্ক::
জুয়ার আসরে বসেই হেরে যাওয়া জুয়াড়িকে কয়েকবারে চড়া সুদে টাকা ধার দেয় সুদখোর। এতে সুদে আসলে অঙ্ক ধারায় প্রায় ১০ লাখ। সালিস দরবারেও সেই টাকা না পেয়ে অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে হামলা চালিয়ে প্রবাসীর অস্ট্রেলীয় প্রজাতির তিন গরু লুটে নেয় সুদখোর। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর (হেরে যাওয়ায় জুয়াড়ি) বৃদ্ধ বাবা-মাকে কুপিয়ে জখম করে।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার বিকেলে লুটে যাওয়া পিকআপ ভর্তি গরু ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের কলেজ মোড়ে জনতার হাতে ধরা খেলে ঘটনা প্রকাশ পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রচুর লোকজনের ভিড়। উত্তেজিত লোকজন দুই ব্যক্তিকে ধরে চড় থাপ্পড় মারছেন। সেখানে কথা হয় মো. মাহবুবের সঙ্গে। তিনি পাশের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মোমিন মিয়ার ছেলে। গরু তিনটির মালিক তিনি। গতকাল রবিবার সকালে একই গ্রামের মো. আসাদ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে গরুগুলো বের করে নিয়ে যায়। এসময় তাঁর বাবা মোমিন মিয়া (৬৫) ও মা খোশেদা খাতুনকে (৬০) মারধর করে। আহত মা-বাবাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তিনি গফরগাঁও থানায় অভিযোগ দেন। মাহবুব জানান, তিনি লোকমুখে জানতে পারেন ছিনিয়ে নেওয়া গাভিগুলো একটি পিকআপে তুলে নান্দাইল উপজেলা মেরেঙ্গো বাজারে নিয়ে যাওয়া হয়েছে বিক্রি করার জন্য। এ খবর পেয়ে তিনি (মাহবুব) একটি মোটরসাইকেলে করে মেরেঙ্গা বাজারে দিকে যেতে থাকেন। এসময় ময়মনসিংগ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লার সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের পিছনে পৌঁছার সময় পিকআপের ওপর তাঁর গরু তিনটি দেখতে পান। সেখানে নেমে তিনি হইচই শুরু করলে মহল্লা থেকে লোকজন ছুটে আসতে থাকে। অবস্থা বেগতিক দেখে দুই ব্যক্তি পিকআপ থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পিকআপ চালক এরশাদ মিয়া ও গরু ছিনতাইকারী আসাদ মিয়াকে আটক করেন উত্তম মধ্যম দেয়া শুরু করেন। আসাদ মিয়া দাবি করেন, মাহবুবের বড় ভাই মো. কায়েস মিয়ার কাছে তিনি সুদে টাকা ধার দেন। যা কয়েক মাসে সুদে আসলে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকা। অনেক চেষ্টা করেও টাকা আদায় করতে পারছিলেন না। বাধ্য হয়েই সেই টাকার বদলে তিনি মাহবুবের বাড়ি থেকে তিনটি গরু নিয়ে আসেন।
মাহবুব বলেন, আমার বড়ভাই কায়েসের সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই। তিনি আলাদা থাকেন। আসাদ ও তাঁর সহযোগীরা জুয়ার আসরের আয়োজক। বিদেশ ফেরত ভাই কায়েস জুয়া খেলে টাকা খুইয়েছেন। সেই টাকা আদায় করার করার জন্য আসাদ ও তাঁর সহযোগীরা গতকাল রবিবার সকালে তাঁদের বাড়িতে হামলা চালায়। তিনি বলেন, আসাদ গংদের আয়োজন করার জুয়া আসরে তাঁর ভাইয়ের টাকা খোয়ানোর দায় আমার বাবা-মা বা আমি নেব কেন। ওরা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আমার বাড়িতে প্রবেশ করে তিনটি গাভি ও পাঁচ লাখ লুট করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় মাহবুব থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঘটনার পর তিনি তদন্ত করে আসাদের অবস্থান জানতে পারেন। আসাদকে তিনি গরুগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আসাদ তাতে রাজি হননি। এ বিষয়ে কথোপোকথন চলার সময় তিনি জানতে পারেন নান্দাইলের লোকজন গরুসহ পিকআপ আটক করেছে। এ খবর পেয়ে তিনি নান্দাইল থানায় এসে অভিযুক্তদের আটক দেখতে পান। পরে তাদেরকে গফরগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।
সুত্র-কালের কণ্ঠ