জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে লাতিন আমেরিকার ভূরাজনীতিতে উত্তেজনা দ্রুত বাড়ছে।
রোববার (১১ জানুয়ারি) ট্রাম্প তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে যুক্ত লেখায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। ঘোষণার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ—এর ঠিক এক সপ্তাহ আগে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন বলে জানানো হয়।
ঘটনার সূত্রপাত গত ৩ জানুয়ারি। সে দিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি আকস্মিক অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন এবং মাদক পাচারসংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই অভিযানের সময় দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটে; বিভিন্ন প্রতিবেদনে অন্তত শতাধিক মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সৌজন্যে দেশ রূপান্তর