জগন্নাথপুর২৪ ডেস্ক::
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর প্রথম সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা এ ধর্মঘটের পর বার্সেলোনায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মুখোশধারীরা আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয় এবং দোকানের জানালা ভাঙচুর করে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। রাজধানী মাদ্রিদে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্সেলোনায় বিক্ষোভে যোগ দেন ৫০ হাজারের বেশি মানুষ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ধর্মঘটের কারণে স্পেনজুড়ে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। আগামী ২৯ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।
বড় শ্রমিক ইউনিয়ন ইউজিটি (ইউজিটি)-এর প্রধান পেপে আলভারেজ ধর্মঘটকে সফল উল্লেখ করে বলেন, এতে ব্যাপক অংশগ্রহণ ছিল। আর সিসি ওও ইউনিয়নের প্রধান উনাই সোরদো বলেন, ধর্মঘটে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট ও হাতে দাঙ্গা প্রতিরোধী ঢাল ছিল। শহরের কেন্দ্রস্থলে ঐতিহাসিক প্লাজা দে কাতালুনিয়ার কাছাকাছি পাসেই দে গ্রাসিয়া এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ হয়। রাস্তায় আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেয়ায় বিভিন্ন স্থানে ছোট ছোট অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একদল বিক্ষোভকারী পুলিশের দিকে আতশবাজি ছোড়ে এবং লেগো স্টোরসহ বিভিন্ন দোকানে লুটপাট চালায়। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে প্রবেশের চেষ্টাও করতে দেখা যায়।
বার্সেলোনার বিক্ষোভে অংশ নেয়া এক নারী বলেন, বিক্ষোভের বেশির ভাগই ছিল শান্তিপূর্ণ ও আনন্দমুখর। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তার ভাষায়, সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।
সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় অবস্থানকালে তিনি রাস্তায় আগুন দেখতে পান। ওই নারী বলেন, সব জায়গায় আগুন জ্বলছিল। পরিস্থিতি ছিল ভয়াবহ। দিনের শুরুতে মাদ্রিদ ও বার্সেলোনার বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবাসন সংস্থাগুলোর কার্যালয়েও হামলা চালানো হয়েছে।
মাদ্রিদে এক বিক্ষোভকারী বলেন, আমরা পুরো শহরকে অচল করে দিয়েছি। বৃষ্টির মধ্যেও সাধারণ ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন ছিল। তার ভাষায়, সবাই বাইরে এসেছে। বৃষ্টি সত্ত্বেও সবাই রাস্তায়। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গো বলেন, আবাসন পরিস্থিতি ভয়াবহ। মজুরির তুলনায় বর্তমান জীবনযাত্রার ব্যয় সম্পূর্ণ অসহনীয়। সাশ্রয়ী আবাসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকেই এ ধর্মঘটের সূত্রপাত। মাদ্রিদে যে ফ্ল্যাটে সাত দশক ধরে বসবাস করছিলেন ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল, সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়। কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনা স্পেনজুড়ে ক্ষোভ ছড়িয়ে দেয়।
সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের মাসিক গড় ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে, স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ একটি ফ্ল্যাটের ভাড়া গড় মোট বেতনের প্রায় অর্ধেক। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, আয়ের ৩০ শতাংশের বেশি আবাসন ব্যয়ে খরচ করা উচিত নয়। সংসদে আবাসন সংস্কার পরিকল্পনা অনুমোদনে ব্যর্থ হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ২০১২ সালে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের সময় স্পেনে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়। আগের ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। সানচেজ ও তার মন্ত্রীরা শ্রমিকদের কর্মবিরতি দিয়ে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলন করার উৎসাহ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, আপনার আট ঘণ্টার কর্মদিবস, আপনার পেনশন, আপনার সরকারি স্বাস্থ্যসেবা- এসবই সম্মিলিত আন্দোলনের অর্জন। আগের ধর্মঘটে অংশগ্রহণকারীদের প্রশংসাও করেন তিনি। অন্যদিকে, রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনী সুবিধা পেতে সরকার ধর্মঘটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সাধারণ ধর্মঘটকে অর্থহীন বলে অভিহিত করেছেন। তিনি শ্রমিক ইউনিয়নগুলোকে মাফিয়া ও আবর্জনা বলে আক্রমণ করেন। জনমত জরিপে এগিয়ে থাকা ফেইহোর দলের মুখপাত্র মিগেল তেলাদো অভিযোগ করেন, ডানপন্থি সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে। সানচেজ এ সপ্তাহে স্পেনের টেলিভিশনকে বলেন, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাটাই অর্থহীন।
সাধারণ ধর্মঘটে অংশ নেয়া ২৭ বছর বয়সী গনসালো আলভারেজ মাদ্রিদের কেন্দ্রস্থলে বিভিন্ন পিকেটিং কর্মসূচিতে ঘুরছিলেন। তিনি বিক্রয়কর্মী হলেও একটি আবাসন ইউনিয়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। ওই ইউনিয়ন ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় কাজ করে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে। বিবিসিকে আলভারেজ বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনা এই প্রতিবাদের স্ফুলিঙ্গ ছিল। ৮৭ বছর বয়সী ওই নারীকে তিনি চিনতেন। নতুন বাড়িওয়ালাদের অধীনে তার ভাড়া তিন গুণ বেড়ে গিয়েছিল। তার সঙ্গে যে আচরণ করা হয়েছিল, তাতে আলভারেজ গভীরভাবে মর্মাহত হন। মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় বান্ধবীকে নিয়ে একটি ছোট এক শয়নকক্ষের ফ্ল্যাট ভাড়া করে থাকেন তিনি। তার বান্ধবী একজন ডেন্টাল হাইজিনিস্ট। দুজন মিলে মাসে ১ হাজার ইউরো ভাড়া দেন। এতে অন্যান্য বিল পরিশোধের আগেই তাদের প্রত্যেকের বেতনের প্রায় অর্ধেক আবাসন ব্যয়ে চলে যায়। আলভারেজ বলেন, এটা একেবারেই পাগলামি। খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাস- সবকিছুর খরচ।
নিজেদের বাড়ি কেনার কোনো সম্ভাবনাও দেখছেন না তিনি। তার ভাষায়, একটি বাড়ি কিনতে হলে অবিশ্বাস্য পরিমাণ অর্থ জমাতে হবে। এই বেতনে তা অসম্ভব। বর্তমান বাড়িভাড়া ও বাড়ি কেনার মূল্য বিবেচনায় কোথাও নিজের বাড়ি কেনা সম্পূর্ণ অসম্ভব বলে মনে করেন তিনি। সাধারণ ধর্মঘটে অংশ নেয়া গনজালো আলভারেজের মতে, তার বেতনের ৫০ শতাংশই বাড়িভাড়ায় চলে যায়। সৌজন্যে মানব জমিন।






