জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগ। জনগণ যতক্ষণ সমর্থন দেবে আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব। এর থেকে এক বিন্দুও এদিক ওদিক হবে না। শনিবার বিকালে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখননের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া শুরু করেছি, যখন ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেয়া শুরু করেছি, বৃক্ষররোপণ অভিযান শুরু করেছি- তখন কিছু সংখ্যক মানুষ এনিয়ে বিভ্রান্তিকর কথা বলছে। এর বিরোধীতা শুরু করেছে। তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। তাই আজকে পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, আমরা এক এক করে সেই কাজগুলো বাস্তবায়ন করব, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব।
সরকারপ্রধান বলেন, কেউ যদি এই কাজ বাধাগ্রস্ত করতে চায়, আমাদের কিছু করা লাগবে না, বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা অবশ্যই রুখে দেবে। তাই আসুন যে, কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আমরা সে সকল কাজে নেমে পড়ি। তিনি আরও বলেন, আজকে এই ‘বিশ্ব খাল’ পুনঃখননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে এলার্ট থাকব, আমরা সকলে সচেতন থাকবো। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দেব না।
জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল খনন কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড কৃষক ভাইদের কাছে পৌঁছে দেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে বাধাগ্রস্ত করতে না পারে- সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে।
দেশ গঠনের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের সামনে উদ্দেশ্য লক্ষ্য একটাই। এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সেই কাজ আমরা শুরু করেছি। বিএনপি সব সময় একটি কথা বলে থাকে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস এবং সেই জন্যই জনগণকে সঙ্গে নিয়ে আমরা এসব কর্মসূচি শুরু করেছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। জনগণ যতক্ষণ সমর্থ দেবে আমরা জনগণের জন্য কাজ করে যাব।
ওদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি তিনি বলেন, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছরানোর চেষ্টা করছে। আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি, রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন মিল-কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি, রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজেই এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়- আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি। আসুন আজকের এই জনসভায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে, সজাগ থাকতে হবে।
চাঁদপুর ছাড়াও আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম, সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ বক্তব্য রাখেন।
সূত্র-মানব জমিন