জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ—৩ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ কে অভিনন্দন জানিয়েছেন পরাজিত ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানান। এসময় ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ের পক্ষে আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি লিখেন,
প্রিয় শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসী,
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তালা প্রতীকে একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। ৪১,৯৮৪ ভোট দিয়ে আপনারা আমাকে যে সম্মান প্রদান করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে চিরঋণী।
যারা আমাকে ভোট দিয়েছেন, দিনরাত পরিশ্রম করেছেন এবং দোয়া করেছেন—সবার প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা। আর যারা ভিন্ন মত পোষণ করেছেন, তাদের প্রতিও রইলো আমার অগাধ শ্রদ্ধা।
আসুন, দল—মতের ঊর্ধ্বে উঠে আমরা সবাই মিলে আমাদের প্রিয় এলাকার উন্নয়নে কাজ করি।