বিশেষ প্রতিনিধি::
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধে সাতজন প্রার্থী অংশ নিচ্ছেন তাদের মধ্যে চারজন প্রবাসী। তিনজন যুক্তরাজ্য প্রবাসী ও একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর তিনজন স্থানীয়ভাবে রাজনীতি করলেও, আছেন প্রবাসী আত্মীয় স্বজন। রয়েছে প্রবাসে যাতায়াত।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে অংশ নেয়া সাত প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ (ধানের শীষ), যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা), খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুশতাক আহমেদ (দেয়াল ঘড়ি) আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ তালহা আলম (ঈগল পাখি) প্রতীকে ভোটযুদ্ধে লড়ছেন।
অপর তিনজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু খালেদ তুষার (টেবিলঘড়ি) ও হুসাইন আহমেদ (ফুটবল)। এই তিনজনের মধ্যে মাওলানা শাহীনুুর পাশা চৌধুরী ও আবু খালেদ তুষারের যুক্তরাজ্যে যাওয়া আসা রয়েছে। নির্বাচনী তফসিলের আগে শাহীনুর পাশা চৌধুরী লন্ডন ঘুরে এসেছেন। সেখানে তিনি খেলাফত মজলিসের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। স্বতন্ত্র প্রার্থী আবু খালেদ তুষার দীর্ঘ সময় যুক্তরাজ্যে ছিলেন। এখন ঢাকায় আইনপেশায় থাকলেও যাতায়াত করেন লন্ডনে। এ দুইজনকেও অনেকে বলেন ‘হাফ লন্ডনী’। অপর প্রার্থী হুসাইন আহমেদ দেশে থাকলেও প্রবাসী স্বজনদের আর্থিক সহায়তায় নির্বাচন করছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছে। এসব প্রচারণা ও নির্বাচনী উৎসবে অংশ নিতে প্রার্থীদের সমর্থনে তাদের স্বজন ও শুভাকাক্সক্ষীরা দলে দলে দেশে আসছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী দেশে এসেছেন। কেউ কেউ পথে রয়েছেন। ইতোমধ্যে তাঁর সমর্থনে শতাধিক প্রবাসী দেশে এসে প্রচারণা চালাচ্ছেন। প্রায় প্রতিদিন নির্বাচনী উৎসবে শরিক হতে দল বেঁধে দেশে আসছেন।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় নির্বাচন মানেই ভোটের উৎসব। স্থানীয় সরকারের সকল নির্বাচনের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা দেশে এসে প্রার্থী হওয়া রেওয়াজে পরিণত হয়েছে।
এবার চারজন প্রবাসী এ আসন থেকে ভোটযুদ্ধে লড়ছেন। গত দুই মাসে কমপক্ষে শ’খানেক প্রবাসী নির্বাচনী উৎসবে শরিক হতে দেশে আসার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি এসেছেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদের সমর্থনে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর আহমেদের সমর্থনে জাতীয়তাবাদী পরিবারের শতাধিক প্রবাসী এখন নির্বাচনী এলাকায়। প্রবাসীরা ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। আমরা বেশ কয়েকজন বন্ধু সহযোদ্ধা মিলে ধানের শীষকে বিজয়ী করতে প্রচারণা চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়ায় মানুষ স্বতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। তাই প্রচারণায় অংশ নিয়ে ভালো লাগছে।
ভোটের মাঠে প্রবাসীরা অনেকটা ফ্যাক্টর এমন কথা জানিয়ে জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ কাদির বলেন, প্রবাসীরা যেহেতু তাদের কষ্টার্জিত অর্থ এলাকার বিভিন্ন সামাজিক মানবিক ও সেবামূলক কাজে ব্যয় করেন তাই এলাকার মানুষ তাদেরকে পছন্দ করেন তাদের কথায় ভোট দেন। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নেই প্রবাসীদের মানুষ ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী প্রার্থীদের আধিক্য রয়েছে। তাই প্রবাসীরা দেশে আসছেন। নির্বাচনী উৎসবে এটা ইতিবাচক হিসেবে দেখছেন জনগণ। তিনি নিজেও জাতীয়তাবাদী পরিবারের সৈনিক হিসেবে ধানের শীষের পক্ষে কাজ করতে দেশে এসেছেন বলে জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টানা তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ। তিনি এ আসনে বিএনপির প্রার্থী হওয়ায় যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এখন নির্বাচনী এলাকায় এমন কথা জানিয়ে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা বলেন, যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে দেশে এসে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। প্রতিদিন নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নিতে আসছেন। সময় যত ঘনিয়ে আসছেন নির্বাচনী প্রচারণা ততই জমে উঠেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ১০ দলীয় জোট (উন্মুক্ত) প্রার্থী শাহীনুুর পাশা চৌধুরী প্রবাসী না হলেও তাঁর সমর্থনে বেশ কিছু প্রবাসী দেশে এসে প্রচারণায় অংশ নিচ্ছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার। তিনি বলেন, কমপক্ষে ২০ জন প্রবাসী রিকশা প্রতীকের প্রচারণায় আছেন।
খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুশতাক আহমেদ জানান, যুক্তরাজ্যে তাঁর নির্বাচনী ক্যাম্পেইনের কমিটি রয়েছে। সেই কমিটির সাধারণ সম্পাদক ধলা মিয়া তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেশে এসেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী ব্যারিস্টার আনোয়ার হোসেনের পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে তাঁর স্বজন শুভানুধ্যায়ীরা দেশে এসে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। ব্যারিস্টার আনোয়ার দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তাই তাঁর পক্ষেও প্রবাসীদের একটি অংশ প্রচারণায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁর এক সমর্থক।
যুক্তরাষ্ট্র প্রবাসী আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে রয়েছে প্রবাসীদের প্রচারণা। তাঁর পক্ষে প্রবাসীদের নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে দেখা গেছে। ইতোমধ্যে তাঁর সমর্থনে প্রবাসীরা দেশে এসে কাজ করতে শুরু করেছেন।
দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরেও অনেক প্রবাসীরা দেশে এসে ভোটের প্রচারণায় রয়েছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান জানান, নির্বাচনী উৎসবে শরিক হতে দেশে এসেছি। আমার বন্ধু নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছি।
শুধু দেশে নয় সুদূর প্রবাসে চলছে নির্বাচনী উত্তাপ। যারা নানা সমস্যায় দেশে আসতে পারছেন না তাদের নিয়ে যুক্তরাজ্যর বিভিন্ন শহরে চলছে নির্বাচনী সভা। বিভিন্ন প্রার্থীর সমর্থনে এই সভা হচ্ছে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আহমেদের সমর্থনে তাঁর ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ এ সভা করছেন। এতে তিনি দলমতের উর্ধ্বে উঠে জগন্নাথপুরের প্রবাসীদের আঞ্চলিক ঐক্যের ডাক দিয়েছেন।