শিক্ষা নিয়ে অতীতের কিছু কথা- যেহেতু আমি পাঁইলগাও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম ; ১৯১৯ সালে স্বনামধন্য জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী তার পিতার নামে ব্রজনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন উচ্চ শিক্ষিত, আলোকিত, মহান ব্যাক্তি, সিলেট শহরে রসময় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। সিলেট শহরে মহিলা মহাবিদ্যালয় নিজ বাড়িতে স্থাপন করেন এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। বর্তমানে সিলেট সরকারী মহিলা কলেজ।
ইতিহাসে রয়েছে জমিদারগন অত্যাচারী ছিলেন। কিন্তু জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন মানবিক গুণে গুণান্বিত একজন আদর্শ মানুষ।
বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুস সামাদ আজাদ যেমন বাংলাদেশের গৌরব তেমনি জগন্নাথপুরের গৌরব।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবীদ ড. আখলাকুর রহমান ঐতিহ্যবাহী তেঘরীয়া গ্রামে ১৯২৫ খ্রীস্টাব্দে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন।
তিনি আমেরিকার বিখ্যাত এমআইটি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ব ব্যাংকের অর্থনীতি বিভাগের সদস্যসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঐ স্কুলের ছাত্র গোরাপদ দাস ব্রিটিশ আমলে প্রবেশিকা পরীক্ষায় আসাম প্রদেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। এই স্কুলের আরেকজন ছাত্র মুকুল চন্দ্র রায় ১৯৭২ খ্রীস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে MCS (Pure Mathematics) পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করেন।এই স্কুলে প্রথম প্রধান শিক্ষক ছিলেন জগন্নাথপুরের মজিদপুর গ্রামের বাবু যামিনী কান্ত দেব।
সংস্কৃতি শিক্ষার একটি অংশ। বিখ্যাত মরমী কবি বাউল রাধারমণ দত্তের বাড়ি জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে। রাধারমণের অসংখ্য দার্শণিক গান, ধামাইল গান উপমহাদেশের মানুষের কাছে অনেক জনপ্রিয়।
জগন্নাথপুরের প্রথম মাদ্রাসা সৈয়দপুর সামছিয়া ফাজিল আলিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠাতা সৈয়দ ইমদাদ আলী।প্রথম হাই স্কুল পাঁইলগাও বিএন উচ্চ বিদ্যালয়- প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী, প্রথম মন্ত্রী – আব্দুস সামাদ আজাদ, প্রথম আন্তর্জাতিক শ্রমিক নেতা আফতাব আলী, ১ম লোকাল বোর্ড সদস্য রাহাতউল্লা মুন্সি। ১ম জজ মাওলানা সৈয়দ ওয়ারিছ আলী ( মুর্শিদাবাদ নবাবী আদালত), ১ম জেলা জজ আব্দুল হান্নান চোধুরী, ১ম মুসলমান পুলিশ অফিসার হারিছ উদ্দীন ডিএমপি, ১ম ডক্টরেট ডিগ্রিধারী আখলাকুর রহমান, ১ম মুন্সেফ সৈয়দ আওলাদ হোসেন, ১ম মহিলা কবি ছমিনা বানু, ১ম কবি শাহ হোসেন আলম, ১ম উকিল বুধরাইল গ্রামের মথুর নাথ দত্ত, জগন্নাথপুর রাজ্যের শেষ রাজা বিজয় সিংহ।
বর্তমান শিক্ষা ব্যবস্থাঃ –
বর্তমানে জগন্নাথপুর উপজেলায় ১৫৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬০% বিদ্যালয় অবকাঠামো ভালো, ২০ % বিদ্যালয়ের অবকাঠামো অর্ধপাকা, জরাজীর্ণ, পুরাতন এবং ঝুঁকিপূর্ণ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেবের সময় ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের আওতায় আসে। জগন্নাথপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন যাবত শিক্ষক স্বল্পতা রয়েছে। জগন্নাথপুরের সহকারী শিক্ষা অফিসার সরকারি ইন্সট্রাক্টর স্বল্পতা থাকায় মনিটরিং ব্যবস্থা ঠিকমতো হচ্ছে না। বর্তমান শিক্ষক- শিক্ষিকাগণ একাডেমিক দিক থেকে দূর্বল বা পিছিয়ে আছেন। তাই লেখাপড়ার মান এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে না।
জগন্নাথপুর এর প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য করণীয় হচ্ছেঃ-
১) হাওর অঞ্চলে আরও স্কুল প্রতিষ্ঠা করতে হবে।
২) সুশীল সমাজকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে।
৩) জনপ্রতিনিধি সকলকে আরও অনেক দায়িত্বশীল হতে হবে।
৪) প্রবাসীগনকে আরও এগিয়ে আসতে হবে
৫) অভিভাবকগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
৬) স্কুলগুলোতে ৭০-৮০% মহিলা শিক্ষক। যে স্কুলে ৫ জন শিক্ষক আছেন সেখানে ৩ থেকে ৪ জন মহিলা শিক্ষক। অনেক স্কুলে সবাই মহিলা শিক্ষক। মাতৃত্বজনিত কারণে দীর্ঘ ছুটি এবং বেশি সংখ্যক নতুন নিয়োগ দেওয়ায় একাডেমিক অভিজ্ঞতার ঘাটতি। তাই ছাত্রছাত্রীদের মেধার উন্নতি হচ্ছে না।
জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ মোঠ ৫৩টি প্রতিষ্ঠান রয়েছে। বিগত কয়েক বৎসর প্রায় সকল স্কুল কলেজগুলোতে দৃষ্টি নন্দন অবকাঠামো ( দালান) নির্মাণ হয়েছে। কিন্তু শিক্ষার মান উন্নতি হয় নাই।
যার মূল কারণ হচ্ছেঃ-
১) পরিচালনা কমিটির সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়হীনতার অভাব
২) শিক্ষকদের প্রাইভেট পড়াশোনা ও কোচিং এর প্রতি অতিরিক্ত আগ্রহ
৩) শিক্ষকদের পেশাদারীত্বের সঠিক চর্চার অভাব।
৪) সরকারি বিভিন্ন পরিপত্র প্রতিপালনে অনাগ্রহ
৫) পাঠ্য পুস্তকের পরিবর্তে গাইড বই ব্যবহার করা
৬) সুনামগঞ্জের ১২ টি উপজেলার মধ্যে ১১ টি উপজেলার শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে। স্কুলগুলোতে তদারকি হচ্ছে না।
৭) জগন্নাথপুর তথা সুনামগঞ্জ জেলার প্রায় ৮০ শতাংশ শিক্ষকের বাড়ি অন্যান্য জেলায়।বিগত সরকারের সময় বদলি হওয়ার সুযোগ ছিলনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বদলির প্রক্রিয়া শুরুর পর বর্তমান সরকার পরিপত্র জারি করায় যেভাবে শিক্ষা অফিসারগন নিজ নিজ জেলায় চলে গেছেন, যেভাবে শিক্ষকগণ চলে যাওয়া শুরু করেছেন আগামীতে সুনামগঞ্জ জেলায় শিক্ষক ঘাটতি আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
সুনামগঞ্জ জেলার সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় সংসদ সদস্যগণের সহযোগীতা কাম্য।
(লেখক-আতাউর রহমান
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জগন্নাথপুর, সুনামগঞ্জ। ও প্রতিষ্ঠাতা শাহজালাল উচ্চ বিদ্যালয়।)