জগন্নথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলার ৫টি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৪ দলের ৩১ জন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলগুলো হলো— আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
হলফনামা অনুযায়ী, প্রার্থীদের মধ্যে স্বশিক্ষিত চার ভাগের এক ভাগ অর্থাৎ ৮ জন। এদের মধ্যে সুনামগঞ্জ—১ আসনে ৩ জন, সুনামগঞ্জ—৩ আসনে ২ জন, সুনামগঞ্জ—৪ আসনে ২ জন এবং সুনামগঞ্জ—৫ আসনে ১ জন।
সুনামগঞ্জ—১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৭ দলের ৯ জন। এরমধ্যে ৩ জন স্বশিক্ষিত। আওয়ামী লীগ থেকে এই আসনে মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার এলএলবি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, স্বতন্ত্র প্রার্থী মনোনয়নবঞ্চিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ বিএ (পাস)। বিকল্পধারা বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী এমবিবিএস, সুনামগঞ্জ—১ আসনে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ আলী স্বশিক্ষিত, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী হারিছ মিয়া স্বশিক্ষিত, গণফ্রন্ট মনোনীত প্রার্থী জাহানুর রশীদ অষ্টম শ্রেণি পাশ, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার এসএসসি, বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ স্বশিক্ষিত।
সুনামগঞ্জ—২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ এম.এস.এস। মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা এমপি পি.এইচ.ডি এবং গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস এম.এ।
সুনামগঞ্জ—৩ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। তৃণমূল বিএনপির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এম.এ এলএলবি, জাকের পার্টির মো. নজরুল ইসলাম অষ্টম শ্রেণী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তৌফিক আলী মিনার স্বশিক্ষিত, জাতীয় গণফ্রন্টের তালুকদার মকবুল হোসেন স্বশিক্ষিত।
সুনামগঞ্জ—৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক পিএইচডি, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন এল.এল.বি অনার্স ব্যারিস্টার এট—ল। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান এমপি এলএলএম, জাসদের আবু তাহের মো. রুহুল তুহিন বিএ, এলএলবি, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার স্বশিক্ষিত, বিএনএম’র দেওয়ান শামসুল আবেদীন স্বশিক্ষিত।
সুনামগঞ্জ—৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এলএলবি, স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য দলীয় মনোনয়নবঞ্চিত শামীম আহমদ চৌধুরী বি.এ, গণফোরামের আইয়ূব করম আলী এম.এ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. আশরাফ হোসেন এস.এস.সি, জাকের পার্টির শেখ ইয়াকুব আলী বি—কম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ স্বশিক্ষিত, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক বি.এ অনার্স, জাতীয় পার্টির মা. নাজমুল হুদা এলএলবি (অনার্স)।
প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার ৫টি আসনের ৪১ প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ৪টি আসনের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে পাঁচজন স্বতন্ত্র এবং চারজন দলীয় প্রার্থী। সুনামগঞ্জ—৫ আসনের আয়ুব করম আলী স্বতন্ত্র ও গণফোরাম দুইভাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তার স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়ন বাতিল হয়েছে। তবে গণফোরাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।