জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ঘটনার পর জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১টার দিকে চান্দগাঁও মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ৭ম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার তিনজন হলো রাউজান নোয়াপাড়া পল্লানপাড়ার মো. রাসেল (২৭), বাঁশখালী জলদী পূর্ব মিঞাগো বাড়ির মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও ময়মনসিংহ নান্দাইল থানার কুতুবভোর জাহাঙ্গীর হাওলাদার বাড়ির মো. সুমন (৩০)। তারা তিনজন মোহরা এলাকায় ভিন্ন ভিন্ন কলোনিতে রুম ভাড়া নিয়ে থাকতেন।
চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কিছু বিষয় নিয়ে বুধবার সন্ধ্যার পর কিশোরীর মা-বাবা তাকে বকাঝকা করলে রাত ৮টার দিকে সে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে কিশোরী চান্দগাঁও মৌলভী বাজার এলাকায় চলে গেলে সে পথ হারিয়ে ফেলে। রাত ১২টার দিকে মৌলভীবাজার এলাকায় কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত তিনজন তাকে ভূতের ভিটা কাইয়ুম কলোনিতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সকালে মেয়েটিকে রুম থেকে বের করে দেয় তারা। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি তার স্কুলের কাছে গেলে স্কুলের শিক্ষিকা ধর্ষণের বিষয়টি জানতে পেরে চান্দগাঁও থানায় অবগত করেন। খবর পেয়ে পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।