বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ৩০ বছর পর নিজস্ব প্রার্থী পেয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামি। দলের মনোনয়ন দেয়া হয় জামায়েতের মজলিশে শুরা’র সদস্য, সিলেট মহানগরের পেশাজীবী থানা আমীর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ইয়াসীন খানকে। তিনি মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় চষে ভোটের মাঠে শক্তিশালী অবস্থান গড়ে তুলেন। একজন সংগঠক ও সজ্জন রাজনীতিবীদ হিসেবে অল্প দিনে নিজের অবস্থান জানান দেন। ১০ দলীয় জোটের প্রধান রাজনৈতিক দল হিসেবে জোটের কারণে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি দলের নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে ক্ষুব্ধ হন তাঁর সমর্থকরা। জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ করেন। এরপর থেকে নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি ওলি উল্লাহ লিখেন, সুনামগঞ্জ-৩ জোটবিহীন। ঈগল, রিকশা, ঘড়ি নিজ নিজ দলীয় শক্তিতে প্রার্থী হয়েছেন। অন্য দলের ভোটারদের কাছ থেকে দুরে থাকুন।
আব্দুল ওয়াদুদ নামে একজন লিখেন, জীবনের প্রথম দাঁড়ি পাল্লায় ভোট দিতে প্রস্তুতি নিয়েছিলাম। দলের সিদ্ধান্তে কান্নায় বুক ফেটে যাচ্ছে। তিনি আরো লিখেন, এ আসনে জামায়াত ইসলামির ভোট ৫ ভাগে বিভক্ত হবে।
শান্তিগঞ্জের বাসিন্দা মামুন আহমেদ বলেন,একজন ভালো মানুষ কে আমরা পেয়েছিলাম। তিনি জনপ্রতিনিধি হলে এলাকার সুষম উন্নয়ন হতো। উন্মুক্ত আসনে তাঁরমতো প্রার্থীর প্রত্যাহার মেনে নিতে পারছি না।
জামায়াত ইসলামির নেতাকর্মীরা জানান,সর্বশেষ ১৯৯৬ সালে এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামি থেকে প্রার্থী ছিলেন সৈয়দ সালেহ আহমেদ। এরপর থেকে জোটের কারণে এ আসনে আর দলীয় প্রার্থী পায়নি বাংলাদেশ জামায়াত ইসলামি। পরবর্তীতে সকল জাতীয় সংসদ নির্বাচনে জোটের কারণে প্রার্থী বিহীন ছিল দলটি।দীর্ঘদিন পর দলের প্রার্থী হিসেবে ইয়াসিন খান কে মনোনয়ন দেয়া হলে তিনি মাঠ পর্যায়ে জাগরণ তৈরি করেন। রাজনৈতিক পট পরিবর্তনে নির্বাচনী জোটসঙ্গী হিসেবে জামায়াত ইসলামির সঙ্গে যোগদেন খেলাফত মজলিস,আমার বাংলাদেশ এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল। গঠিত হয় ১০ দলীয় জোট। তখনি শুরু হয় নানা হিসেবে নিকেষ। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানের জানান দেন খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম। এ জোটের প্রার্থীদের মধ্যে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খানের ক্লিন ইমেজ থাকলেও সাবেক সংসদ সদস্য হিসেবে ও এ আসন থেকে টানা সাতবার নির্বাচনে অংশ নেয়া শাহীনুুর পাশা চৌধুরী কে অভিজ্ঞতার আলোকে প্রাধান্য দেওয়া হয়। যদিও সর্বশেষ নির্বাচনে তিনি তৃনমুল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে ইমেজ সংকটে পড়েন। এসব অভিযোগ তুলে আসনটি উন্মুক্ত রাখার দাবি জানানো হয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর সাথে উন্মুক্ত হিসেবে আমার বাংলাদেশ এবি পার্টির সৈয়দ তালহা আলম ও খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমেদ কে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। শুধু মাত্র জোটের প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামি তাদের প্রার্থীতা প্রত্যাহার করে।
প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে অ্যাডভোকেট ইয়াসিন খান বলেন, জামায়াত ইসলামি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের সিদ্ধান্তই আমাদের কাছে চুড়ান্ত। দলের নির্দেশে আমি মাঠে তৎপরতা চালিয়েছিলাম৷ জনগনের স্বতস্ফুর্ত ভালোবাসা দলের জন্য এবং আমার ব্যক্তিগত জীবনের জন্য বিরাট পাওয়া। মানুষের ভালোবাসা আমার,দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে।