1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নিজ ঘরে যুবককে গলাকেটে হত্যা

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় মাসুল ওরফে মাহফুল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

রোববার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল। পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি টর্চলাইট জ্বালিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিছানায় মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে ওঠেন। এরপর আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে চলা একটি জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে চায়নি পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র-এশিয়া পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com