স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে নৌকাযোগে বাড়ী ফিরছিলেন। রাত প্রায় ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।