মহান আল্লাহ আরো বলেন, ‘আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন।’ (সুরা: আল-আনফাল, আয়াত : ১৯)
এসব ফিতনা, বিপদাপদ ও পরীক্ষার মুখে যেন আমরা অস্থিরতায় আক্রান্ত না হই, সে জন্য আমাদের উচিত আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করা। কেননা আল্লাহ তাঁর বান্দাদের সঙ্গে আছেন। আল্লাহ মুমিন বান্দাদের পক্ষ থেকে প্রতিরোধ করেন এবং তাদের রক্ষা করেন।
বেশি প্রয়োজন আল্লাহমুখী হওয়া
ভবিষ্যৎ নিয়ে ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করার উপায় হলো, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। দুশ্চিন্তা ও বিষণ্নতা যখন বেড়ে যায় তখন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করা আমাদের জন্য কতই না জরুরি! কেননা মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ‘আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে, আমি তার সঙ্গে তেমনই আচরণ করি।’ (বুখারি, হাদিস : ৭৪০৫)
তাই আমাদের অবশ্যই আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করতে হবে।
ভবিষ্যৎ নিয়ে ভয় ও উদ্বেগ দূর করার আরেকটি উপায় হলো, আল্লাহর সাহায্য প্রার্থনা করা।
তাই আমাদের জীবনের প্রতিটি বিষয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ কি বলেননি—‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : আল-বাকারা, আয়াত : ৪৫)
অর্থাৎ তোমাদের প্রয়োজন পূরণের জন্য সাহায্য চাও, দুশ্চিন্তা দূর করার জন্য সাহায্য চাও এবং বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চাও।
শয়তানের কৌশল দুর্বল—এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা : ভয় ও উদ্বেগ দূর করার আরেকটি উপায় হলো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। আমাদের যে দুশ্চিন্তা, ভয়, অজানা ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক, বিপদাপদ ও উদ্বেগ পেয়ে বসে—এসবের পেছনেও শয়তানের কুমন্ত্রণার ভূমিকা আছে। মহান আল্লাহ বলেন, ‘এ তো শয়তান, যে তার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং তোমরা তাদের ভয় করো না; বরং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৫)
পরিশেষে ভবিষ্যৎ নিয়ে ভয় ও উদ্বেগ দূর করার আরেকটি উপায় হলো, আমরা এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে সবকিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে। ক্ষতি ও উপকার—সবই আল্লাহর হাতে।
কারো শক্তি যতই বেশি হোক—তার ক্ষমতা যত প্রবল হোক না কেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো উপকারও করতে পারবে না। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা নিরাপত্তা ও প্রশান্তির মধ্যে জীবনযাপন করতে পারব। ভবিষ্যৎ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সৌজন্যে কালের কণ্ঠ।