জগন্নাথপুর২৪ ডেস্ক::
‘ভাড়া নিয়ে তর্কের সময় গাড়ির হেলপার ও সুপারভাইজার আমার গলায় গামছা প্যাঁচিয়ে ধরেছিল। এ সময় মুকুল ও শাকিল চলন্ত গাড়িতে আমার দিকে এলে তাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা।’
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাসে গলায় গামছা প্যাঁচিয়ে আটকে রাখা এবং দুই যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনা এভাবেই বলছিলেন আতিকুল ইসলাম।
ওই ঘটনায় নিহত দুজন হলেন নীলফামারীর সদর উপজেলার চড়াই খোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল বসুনীয়া (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল বসুনীয়া (২৮)। তারা কুমিল্লায় একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় গুরুতর আহত আতিকুল অভিযোগ করেন, তাকে আটকে রেখে প্রথমে চালক ও সহকারীরা ওই দুজনকে বাস থেকে ফেলে হত্যা করেছে। পরে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি বানী ইসরাইল দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর নিহতদের স্বজন ও স্থানীয়রা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের বেশ কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় এসে তাদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি শুরু। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় আতিকুলকে গলায় গামছা প্যাঁচিয়ে ধরে তারা। এ সময় চলন্ত অবস্থায় মুকুল ও শাকিল এগিয়ে এলে তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিল মারা যান। পরে আতিকুলকেও ফেলে দেওয়া হয়। তিনি গুরুতর আহত হয়েছেন।
এ সময় স্থানীয়রা খিয়ারজুম্মা বাজার এলাকার লোকজনকে মোবাইল ফোনে কল করে বাসটি আটকাতে বলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা বেলা ১১টা থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় মারধরের শিকার বাসচালক আজির হোসেন ও সহকারী শফিক ইসলামকে পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জের সুজালপুর গ্রামে। সূত্র-যুগান্তর