জগন্নাথপুর২৪ ডেস্ক::
টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসামি ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় টুঙ্গিপাড়া থানায় আটককৃত ১০ জন ছাত্রলীগের কর্মীকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গত রোববার নিষিদ্ধ আওয়ামী লীগ জমায়েত করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের অফিস ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার দিনব্যাপী টুঙ্গিপাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ঘটনা ছড়িয়ে পড়লে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঘোনাপাড়া-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় ফেসবুক লাইভে এসে আসামিদের ছেড়ে দেয়ার জন্য টুঙ্গিপাড়া থানার পুলিশকে ১০ মিনিটের আল্টিমেটাম দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।
হামলাকারীরা ফেসবুক লাইভে থেকে থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৭ জন হামলাকারী গুরুতর আহত হয়। একপর্যায়ে পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটের গুলি উপেক্ষা করে থানায় প্রবেশ করে হামলাকারীরা। এ সময় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ হেফাজতে থাকা ১০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে ছিনিয়ে নেয়া হয়। খবর পেয়ে বিজিবি, এসআরবি, পুলিশ ও আনসারের যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দেড়ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে রাত পৌনে ৯টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি দল টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সংবাদ লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, সিঙ্গিপাড়াসহ টুঙ্গিপাড়া প্রবেশপথের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে রাখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাই গোপালগঞ্জ থেকে আসা অতিরিক্ত পুলিশ টুঙ্গিপাড়া আসতে না পেরে ফিরে যায়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না সে বিষয়ে কোনো খবর পাইনি। সূত্র-মানব জমিন






