1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:

বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৫৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বার্নিকাট বলেন, আমরা বাংলাদেশের তৈরি পোশাক খাতে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বাংলাদেশ যাতে এই খাতের চাহিদাগুলো পূরণ করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে ইহসানুল করিম বলেন, তৈরি পোশাক খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেয়া ব্যবস্থা সম্পর্কে আলোচনাকালে বার্নিকাট বলেন, মার্কিন ক্রেতারা বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকদের অবস্থা সম্পর্কে জানতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য এবং নারীর ক্ষমতায়নে ব্যাপক অগ্রগতি প্রশংসা করেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দায়ে দন্ডপ্রাপ্ত পলাতক খুনী রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন সম্পর্কে বার্নিকাট বলেন, এটি বিচার বিভাগীয় প্রক্রিয়ার আওতায় রয়েছে এবং তার প্রত্যাবাসন নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীদের ভূমিকা এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের যথাযথ পদক্ষেপেরও প্রশংসা করেন।
বৈঠকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী ও জঙ্গীদের কোনো ধর্ম ও দেশ নেই। তিনি বলেন, আমি নিজে সন্ত্রাসবাদের শিকার এবং বাংলাদেশের জনগণকে এ জন্য অনেক ভুগতে হয়েছে। মানবজাতিকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ থেকে রক্ষা করতেই হবে।
গোলযোগপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বাধিক সৈন্য প্রেরণকারী দেশ। বাংলাদেশী শান্তিরক্ষীরা বিভিন্ন গোলযোগপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে। প্রধানমন্ত্রী সারা বিশ্বে অস্ত্র উৎপাদন হ্রাসের ওপরও গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com