জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর গ্রামে মাত্র ২০ টাকা পাওনা আদায়ের জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শনিবার রাতে সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনা
ঘটে। নিহতের নাম আছির উদ্দিন বাপ্পী (২৫)। সে মঈনপুর গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মঈনপুর গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন আছির উদ্দিন বাপ্পীর ছোট ভাই লাদেন মিয়ার কাছে পাওনা
২০ টাকা নিতে এসেছিল। এনিয়ে আছির উদ্দিন বাপ্পীর সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হৃদয় হোসেন ও তার বন্ধু মো. হাসান আছির উদ্দিনের উপর হামলা
করে। এসময় আছির উদ্দিনকে ছুরিকাঘাত করে তারা। আছির উদ্দিনের বুকে মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র ২০ টাকার
পাওনা আদায়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে আছির উদ্দিন বাপ্পীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রোববার সকালে পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply