1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নবনির্বাচিত ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, সড়কে বিক্ষুব্ধ জনতা

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুর রউফ মিয়াকে (৪২) হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার বেলা ১১টা থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকা অবরোধ করে রাখে তারা।

এর আগে জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় লক্ষ্মীপুর ইউনিয়নের বামুনিরপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
আবদুর রউফের বাড়ি ওই ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, এক প্রতিবেশী যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

স্থানীয়রা জানান, গতকাল রাত ১১টার দিকে আবদুর রউফ লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বামুনিরপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আবদুর রউফের পথ রোধ করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আবদুর রউফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর গতকাল রাতেই উত্তেজিত জনতা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাগুড়াকুটি গ্রামের হায়দার আলীর ছেলে আরিফ মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তার ঘরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে আরিফ মিয়া গা ঢাকা দিয়েছেন।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রউফ জানান, ইউপি সদস্য হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বেলা ১১টা থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়েছে। লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com