জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইচ্ছে অনুযায়ী মোবাইল ফোন কিনে না দেওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মো. ওবায়দুল শেখ লাদেন (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোর রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শেখ লাদেন ওই গ্রামের মো. গাউস শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মো. গাউস শেখের ছেলে মো. ওবায়দুল শেখ লাদেন (১৮) বেশ কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে একটা মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না করে।
ছেলের বায়নার প্রেক্ষিতে মোবাইল কিনতে তার বাবা ১০ হাজার টাকা দেয়। ছেলে দাবি করে নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা লাগবে। এ সময়ে তার বাবা দামি ফোন কিনে দিতে রাজী না হওয়ায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শেখ লাদেনের বাবা গাউস শেখ বলেন, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, লাদেন আমার মেজো ছেলে, ছোটবেলা থেকে একটু বেশি অভিমান ছিল তার। আমি মোবাইল ফোন কিনে দিতে ১০ হাজার টাকা দিলাম। বাকি টাকা কিছুদিন পরে দিতে চেয়েছিলাম। কিন্তু ছেলেটা অভিমান করে জীবনটা শেষ করে দিল।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সুত্র-কালের কণ্ঠ
Leave a Reply