জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার বিএনপি নেতা এম নাসের রহমান। তাঁর ওই মন্তব্যের জেরে ফুঁসে উঠেছে হবিগঞ্জ।
চলতি মাসের ১ তারিখে একটি পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি বিএনপি নেতা নাসের রহমান বলেন, ‘হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর। ৮ নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মৌলভীবাজারের ওপর দিয়ে চলতে দেব না।’ এর পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে।
বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। তারা বলেন, ৮ তারিখের পর যদি হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বাধা দেওয়া হয়, তাহলে পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেওয়া হবে।
পরিবহন নেতারা বলেন, ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে নতুন একটি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা এম নাসের রহমান। সেখানে হবিগঞ্জ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। রুটে প্রকাশ্য আধিপত্য বিস্তারের বার্তা দিয়েছেন এম নাসের। এ নিয়ে পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় তাঁর।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাদের একাংশ বলে, হবিগঞ্জের সাধারণ মানুষ এ নিয়ে ক্ষুব্ধ। বাস মালিক ও শ্রমিকরা চান না পরিবহন খাতের ইস্যুতে কোনো সহিংসতা হোক। তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান। কারও কিছু বলার থাকলে এটা নিয়ে বলুক। এলাকা নিয়ে মন্তব্য সহ্য করা হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
এ সময় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র-সমকাল