1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ হয়ে যশোর যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন এক নারী। তবে পরে মারা যায় নবজাতকটি। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার সিংদহ (বাগমারা বাজার) এলাকায়। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাত দল ভুক্তভোগী ও সঙ্গে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা, স্বর্ণের চেনসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

ওই অন্তঃসত্ত্বার নাম আফসারা তাসনীম। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমানের স্ত্রী।
আজ সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় দস্যুতার মামলা করেছেন আব্দুল্লাহ আল নোমান। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।

আবদুল্লাহ আল নোমান জানান, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ ব্যথা অনুভব করায় শনিবার সন্ধ্যায় তাঁকে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় মধ্যরাতে যশোরের একটি হাসপাতালের উদ্দেশে রওনা হন তারা। রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না সিংদহ এলাকায় পৌঁছলে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স ডাকাতের কবলে পড়ে। ডাকাত দলের সদস্যরা প্রথমে তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে নেয়। পরে স্বর্ণের চেনসহ অন্যান্য জিনিস নিয়ে চলে যায়।

তিনি বলেন, ‘এরপর আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতরা চলে যায়। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে আমাদের অ্যাম্বুলেন্সের চাবিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর অ্যাম্বুলেন্সের চাবি পাই এবং সড়কের গাছ সরিয়ে যশোরে রওনা হই।’

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ডাকাতির ঘটনার প্রথম থেকেই আমার স্ত্রী ভীত হয়ে পড়েন। ডাকাতির সময়ই তাঁর পেট থেকে সন্তানের এক পা বেরিয়ে আসে। এরপর কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে ভূমিষ্ঠ হওয়া নবজাতক মারা যায়। এটি ছেলেসন্তান ছিল। সদ্য ভূমিষ্ঠ সন্তান মারা যাওয়ার পর আমরা চুয়াডাঙ্গায় ফিরে যাই। বর্তমানে আমার স্ত্রী বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা ছিলেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ওইদিন ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, ডাকাতির সময় না, মূলত ওই স্থান থেকে যশোর যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছলে ওই অ্যাম্বুলেন্সেই ভূমিষ্ঠ হওয়া শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে কেটে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com