মনটা আজ খুব ভারী। রূপা ভাই আর আমাদের মাঝে নেই—চলে গেলেন না ফেরার দেশে। তিনি ছিলেন সত্যিকারের জনবান্ধব রাজনীতিবিদ। আমাকে ভাইয়ের মতো স্নেহ করতেন। তাঁর কাছ থেকে রাজনীতি, সংগঠন, মানুষের প্রতি দায়বদ্ধতা সবকিছুর গভীর পাঠ পেয়েছি। স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যে বোঝাপড়া আজ আমার মধ্যে আছে, তার অনেকটাই এসেছে রূপা ভাইয়ের জীবন, কাজ ও গল্প থেকে।
সায়েদুর রহমান চৌধুরী রূপা। ২০০৪ সালের কথা— তখন তিনি জাতীয় পার্টির রাজনীতিতে। আমাদের গর্ব আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–দক্ষিণ সুনামগঞ্জ) আসনে উপনির্বাচন হবে। সে সময় এ আসনে জাতীয় পার্টির ভালো জনসমর্থন। কর্নেল আলী ও রূপা ভাই দুজনই ছিলেন সম্ভাব্য প্রার্থী। আমরা রূপা ভাইয়ের সঙ্গে গেলাম সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ স্যারের বাসায়। কিন্তু মনোনয়ন পেলেন না তিনি। কিন্তু মনোবল হারাননি। বিভিন্ন দল তাকে কাছে পেতে চাইলো।
সাবেক রাষ্ট্রপতি বদিউদ্দোজ্জা চৌধুরীর অনুরোধে তার বাসায় রুপা ভাই। সঙ্গে আমিও। শেষ পর্যন্ত বিকল্পধারার কুলা মার্কা নিয়ে নির্বাচনে নামলেন রূপা ভাই। আমরা দিন-রাত মাঠে ময়দানে তাঁর জন্য কাজ করেছি। পুরো উপজেলা—বিশেষ করে আমার ইউনিয়নের ভোটের রাজনীতির ভেতর-বাহির সবই তখন কাছ থেকে দেখেছি, শিখেছি।
জীবনের কঠিন মুহূর্তগুলোতে রূপা ভাই ছিলেন আমার ছায়া। তাঁর বাসায় থেকেছি, খেয়েছি— আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। তিনি কখনও টাকার রাজনীতি করেননি। তাঁর গড়ে তোলা অসংখ্য কর্মী আজ আওয়ামী লীগ, বিএনপি—বিভিন্ন ধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত।
রূপা ভাইয়ের মৃত্যুতে শুধু একজন রাজনৈতিক নেতাকে হারাইনি—হারিয়েছি এক স্নেহশীল অভিভাবক, দিশা দেখানো মানুষ, আর আমার প্রিয় মানুষ। তাঁর স্মৃতি ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময়।
পরপারে ভালো থাকুন রুপা ভাই। আপনাকে মনে রাখবো আমরা।
লেখক— সমাজসেবক ও রাজনীতিবিদ। মজিদপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ।