জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ৫৫ ঘণ্টা পর অবশেষে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
এদিকে ঘাতকদের গ্রেপ্তার করতে না পারলে পুরো সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধের হুঁশিয়ারি দেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল দাশ। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে এখনো হত্যাকারী ধরা পড়েনি। এমতাবস্থায় কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কি না জানতে চাইলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ এখনো আমাদের কোনো সন্তোষজনক কিছু জানাতে পারেনি। তবে তারা খুনি শনাক্ত করেছে বলে আমাদের জানিয়েছে। শনিবার সকাল ১১টায় হাসপাতালে মিটিং করে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।’
পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে। সাথে পিবিআই, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের ধরার আশা ব্যক্ত করেছে পুলিশ।
এদিকে শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সাইফুলের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রাম থেকে শত শত মানুষ ট্রাকে করে মিছিল দিয়ে হবিগঞ্জ শহরে আসে। তাদের স্লোগান ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই স্থানে সাইফুলের ২০০৯ সালের এসএসসি ব্যাচ এবং ২০১১ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। সেখানে বক্তব্য দেন সাইফুলের তিন ভাই নাহিদ হাসান, খায়রুল হাসান ও রাসেল মিয়া।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের টাউন হল এলাকায় স্যামসং শোরুমের সামনে সাইফুলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকাসহ সারা দেশেই চলছে প্রতিবাদ।
এদিকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে তিন দিন যাবৎ কর্মবিতরতি পালন করায় জরুরি বিভাগ ছাড়া সব বিভাগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ রোগীদের।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী বলেন, ‘বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে এক পুরুষ ও এক নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁরা ঘটনার সাথে জড়িত নন। প্রকৃত খুনিদের শনাক্ত করা হয়েছে। এখন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করা যায় দ্রুতই আমরা তাদের গ্রেপ্তার করব।’
Leave a Reply