মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত বিভিন্ন এলাকায় বসবাসকারী অভুক্ত বা অর্ধাহারী যারা নাকি এখনও সরকারের তরফ থেকে কোন খাবার পায়নি এমন মানুষদের হাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এর নির্দেশে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘বিডি ক্লিন নকলা’র স্বেচ্ছাসেবকরা।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রভাবে সারাদেশ ব্যাপী অঘোষিত লকডাউনের কারনে খেটে খাওয়া অনেক মানুষ আজ কর্মহীন হয়ে ঘরে বসে থাকায়, তাদের ঘরে আজ খাবার শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এদের মধ্যে অনেকে আছেন যারা নাকি চক্ষু লজ্জার কারনে কারও কাছে খাবার চাইতে পারছেন না। কারও কাছে খাবার চাইতে পারছেন না এমন লোকদের খোঁজে বের করে, তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে প্রধান মন্ত্রীর নির্দেশনা পালন করছেন ইউএনও জাহিদুর রহমান। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহায়তায় খাবারের অভাবে আছেন এমন লোকদের খোঁজে বের করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব তহবিল থেকে বা উপজেলা ত্রাণ তহবিল থেকে ও প্রধান মন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী থেকে চাহিদা সম্পন্ন এসকল মানুষের বাড়ি বাড়ি খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলার প্রত্যন্ত বিভিন্ন এলাকায় খাবার সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন ‘বিডি ক্লিন নকলা’র একদল তরুণ স্বেচ্ছাসেবক। এর ধারাবাহিকতায় ১৩ মে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এর নির্দেশে ৮নং চরঅষ্টধর ইউনিয়নে কয়েকটি বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পরে ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা পূর্বপাড়া এলাকায় ঘুরে ঘুরে অন্তত ১৫ টি পরিবারের খোঁজ খবর নেন বিডি ক্লিন নকলা’র স্বেচ্ছাসেবকরা। এরমধ্যে এমন ৫টি পরিবারের খোঁজ পাওয়া যায়, যাদের ঘরে কোন খাবার নেই। এসকল পরিবারের তথ্য বা খবর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এর নিকট পৌঁছালে তিনি দ্রুত সময়ের মধ্যে খাবার পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান মনোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিতে যারা নিরলস ও নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে- বিডি ক্লিন নকলা’র সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন, সহসমন্বয়কারী আসাদুজ্জামান সৌরভ, মিডিয়া মডারেটর মো. আরিফ, সদস্য ফজলে রাব্বী রাজন ও নাহিদুল ইসলাম রিজনের নাম উল্লেখ করার মতো। এছাড়াও বিডি ক্লিন নকলা’র অন্যান্য স্বেচ্ছাসেবকরা করোনাকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী মূলক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন।
Leave a Reply