করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ তারিখ ৭ এপ্রিল। ফরম পূরণের কাজ চলবে অনলাইনে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।
টেস্ট পরীক্ষা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এবার যে পরিস্থিতি, তাতে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই, যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তবে, যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, ৬০ দিন ক্লাস করতে হবে। ওই ৬০ দিন যা পড়ানো হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। সে অনুযায়ী মূল্যায়ন করা হবে।’
উল্লেখ্য, এসএসসি-এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। তারপর ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।
পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Leave a Reply